আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে ভোট জালিয়াতি রোধে ৫৫৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় আঙুলের ছাপসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।‘ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প (৩য় সংশোধিত)’ শিরোনামের প্রকল্পের আওতায় দেশের প্রত্যেক ভোটারের জন্য ছবিযুক্ত ভোটার তালিকায় তাঁদের আঙুলের ছাপ নেওয়া হবে। পরে আগামী ২০১৪ সালে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে স্থাপিত ভোটিং মেশিনে ভোটাররা আঙুলের ছাপ মিলিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে আর কোনো ধরনের ব্যালট পেপার বা কাগজপত্রের প্রয়োজন হবে না।একনেকের বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু করার ওপর গুরুত্বারোপ করেন। এই প্রকল্পসহ গতকালের একনেক বৈঠকে দুই হাজার ৮১০ কোটি টাকা ব্যয়সংবলিত নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে এক হাজার ৭৭৩ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে এক হাজার ৩৭ কোটি টাকা।একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: ৭৭৫ কোটি টাকার উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প; ২৩৯ কোটি টাকার বরেন্দ্র বৃষ্টির পানি সংরক্ষণ ও সেচ প্রকল্প (২য় পর্যায়); ১৮২ কোটি টাকার উপকূলীয় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প; ৪২ কোটি টাকার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ (৩৭ ইউনিট) প্রকল্প; ৩২ কোটি টাকার ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যানবাহন ও যন্ত্রপাতি ক্রয় এবং অ্যাসফল্ট প্লান্ট স্থাপন প্রকল্প; ৯৯ কোটি টাকার ঢাকা, নারায়ণগঞ্জ এবং টঙ্গী নদীবন্দর এলাকার নিয়ন্ত্রণাধীন উচ্ছেদকৃত তীরভূমিতে ভৌত সুবিধাদি নির্মাণ প্রকল্প; ২৭ কোটি টাকার গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প এবং ৮৫৬ কোটি টাকার চিটাগাং সিটি আউটার রিং রোড প্রকল্প (পতেঙ্গা টু সাগরিকা)। একনেকের সভায় অংশ নেন অর্থমন্ত্রী ও একনেকের বিকল্প চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।