ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু
আজ মঙ্গলবার থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৯ আগস্ট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন। আগামী জাতীয় নির্বাচনের আগে এটিই হবে ভোটার তালিকা হালনাগাদের শেষ কার্যক্রম।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, আজ মঙ্গলবার ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ২০০০ সালের ১ জানুয়ারির আগে যাঁদের জন্ম, কিন্তু এখনো ভোটার হতে পারেননি, তাঁরা এবার ভোটার হওয়ার সুযোগ পাবেন। আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। হালনাগাদে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে। ভোটারের ঠিকানা স্থানান্তরেরও সুযোগ থাকবে। তবে তথ্য হালনাগাদে কারও নাম বা অন্য কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। ভোটার তালিকায় এবার প্রায় ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হবে বলে আশা করছে ইসি।