ভোটার তালিকা হালনাগাদ পদ্ধতির পরিবর্তন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে পদ্ধতিগত পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ পদ্ধতির গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য আগামী জুলাইয়ে একটি পাইলট প্রকল্প শুরু হবে। প্রকল্পের আওতায় ২০১৪ সালের পয়লা জানুয়ারির মধ্যে যাঁরা ভোটারযোগ্য হবেন, তাঁদের তথ্য আগাম সংগ্রহ করে রাখা হবে। যাঁদের তথ্য সংগ্রহ করা হবে, তাঁদের বয়স ১৮ হওয়ার সঙ্গে সঙ্গে ভোটার করা হবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে একসঙ্গে তিন বছরের অর্থাৎ দশম সংসদ নির্বাচনের আগ পর্যন্ত যাঁরা ভোটারযোগ্য হবেন, তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। সাখাওয়াত হোসেন জানান, পাইলট প্রকল্প সফলভাবে শেষ হলে একই পদ্ধতিতে আগামী আগস্ট থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ করা হবে। পাইলট প্রকল্পের জন্য ঢাকার গুলশান (১৮ নম্বর ওয়ার্ড), কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী, গাজীপুরের কালীগঞ্জ এবং নওগাঁর পত্নীতলাকে বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের ভুলত্রুটি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।