ভোটার তালিকা হালনাগাদ শুরু ২৫ জুলাই থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জুলাই থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হচ্ছে। অতীতের মতো তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। এবার ১৫ বছর বয়সী বা তদূর্ধ্বদের অর্থাৎ ২০১৮ সালের ২ জানুয়ারি যাদের বয়স ১৮ বা তার বেশি হবে, তাদের নামও নিবন্ধন করা হবে। তবে তারা ২০১৮ সালের আগে ভোটারযোগ্য হবে না।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম গতকাল বৃহস্পতিবার কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। সচিব বলেন, এবারের হালনাগাদে ৭২ লাখ ১৬ হাজার নাগরিককে নিবন্ধন করা হবে।
কমিশন সচিবালয় থেকে জানানো হয়, প্রথম পর্যায়ে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ১৮৯ উপজেলা/থানায়, দ্বিতীয় পর্যায়ে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১৮৪ উপজেলা/থানায় এবং তৃতীয় পর্যায়ে ৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১৪১ উপজেলা/থানায় নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। যেসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে, পর্যায়ক্রমে তাঁদের নাম নিবন্ধন করা হবে। তবে নিবন্ধনের জন্য নাগরিকদের সংশ্লিষ্ট নিবন্ধনকেন্দ্রে গিয়ে ছবি তুলতে হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বলেন, কোনো নাগরিকের তথ্য সংগ্রহ না হলে তিনি নিবন্ধনের সময় সরাসরি নিবন্ধনকেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। বর্তমানে ৯ কোটি ৬২ লাখের বেশি ভোটার রয়েছে। হালনাগাদে প্রথম ধাপে ২৪ লাখ এবং দ্বিতীয় ধাপে ৪৮ লাখ জনকে নিবন্ধিত করা হবে।