নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, আগামী ১০ মার্চ থেকে চার ধাপে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে।সিইসি জানান, প্রথম তিন ধাপে ১৪০টি করে উপজেলায় এবং চতুর্থ ধাপে ৯২টি উপজেলায় (সিটি করপোরেশনসহ) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। তিনি জানান, বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। এ-সংক্রান্ত আইনের সংশোধনীর পর এ নির্বাচন নিয়ে কমিশনের সভায় আলোচনা হবে।নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কাজী রকিব উদ্দিন আহমদ। বৈঠকে অপর চার নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, প্রথম ধাপে ১০ থেকে ১৯ মার্চ পর্যন্ত ভোটার তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় ধাপে ১৯ থেকে ২৮ জুন, তৃতীয় ধাপে ৪ থেকে ১২ অক্টোবর এবং শেষ ধাপে তথ্য সংগ্রহ করা হবে ২০১৩ সালের ১৮ থেকে ২৬ জানুয়ারি। চার ধাপের এ কাজ শেষ হবে ২০১৩ সালের এপ্রিলের মধ্যে।সূত্র আরও জানায়, নতুন নির্বাচন কমিশন ভোটার তালিকার সামগ্রিক কাজ দেখভালের জন্য কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে। কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের নেতৃত্বাধীন এ কমিটিতে স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৬ সালের ১ জানুয়ারি যাঁদের জন্ম বা যাঁরা এর আগে ভোটার হতে পারেননি, তাঁরা এবার ভোটার হওয়ার সুযোগ পাবেন। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, হালনাগাদ প্রক্রিয়ার মাধ্যমে ৮৫ থেকে ৯০ লাখ (১০ শতাংশ) নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার সংখ্যা ছিল আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। ২০০৯ সালের হালনাগাদে ৫ শতাংশ বেড়ে ভোটার সংখ্যা হয় আট কোটি ৫৭ লাখ।