ভোটার তালিকা হালনাগাদে বরিশালে সমন্বয় সভা
বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে কাউন্সিলরসহ সবার সহযোগিতা কামনা করেন নির্বাচন কর্মকর্তারা।
গতকাল শনিবার বেলা ১১টায় নগরের নথুল্লাবাদ এলাকায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে সমন্বয় সভায় জানানো হয়, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে গত ২৮ আগস্ট থেকে নগরের প্রতি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। যাঁদের জন্ম ২০০০ সাল বা তার আগে প্রাথমিকভাবে তাঁদের তথ্যই সংগ্রহ করা হচ্ছে। সে অনুযায়ী যাঁদের বয়স ১৫ থেকে ১৮ বছর তাঁদের সবাই এর আওতায় আসবেন। তবে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাঁরাই নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। তথ্য সংগ্রহ করা অন্য ব্যক্তিদের মধ্যে যখন যাঁর বয়স ১৮ পূর্ণ হবে, তখন তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র কে এম শহীদুল্লাহ। ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়ে তথ্য উপস্থাপন করেন বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান। সমন্বয় সভায় সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।