ভোটার তালিকা হালনাগাদের কাজ লোডশেডিংয়ে ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ ব্যাহত হচ্ছে। হালনাগাদ বিষয়ে নির্বাচন কমিশনে মাঠ কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে গতকাল বুধবার কমিশনের বৈঠকে আলোচনাও হয়েছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদ করার কাজের প্রথম পর্যায়ে ৭৩টি উপজেলায় কাজ চলছে। এর মধ্যে তিনটি উপজেলায় হালনাগাদের কাজ শেষ হয়েছে। চলতি এপ্রিল মাসে আরও সাতটি উপজেলায় কাজ শেষ হবে। বাকিগুলোর কাজ শেষ হওয়ার কথা ২৬ মের মধ্যে। সূত্র জানায়, হালনাগাদ কাজের এ পর্যায়ে মাঠ কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে দিনের অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ না থাকার কারণে ভোটারদের পূরণ করা ফরমের তথ্য কম্পিউটারে সংগ্রহ করতে সমস্যা হচ্ছে।এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ গতকাল প্রথম আলোকে বলেন, এ ধরনের অভিযোগ মাঠ পর্যায় থেকে এসেছে এবং তা নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। সমস্যা দূর করার জন্য জেনারেটর সরবরাহ করা হবে।নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর হবে তাঁরা ভোটার হবেন। অর্থাৎ এবারের হালনাগাদ কাজে ২০১০, ২০১১ ও ২০১২ সালের ভোটারযোগ্য ব্যক্তিদের ভোটার করা হবে। অতীতের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর আড়াই শতাংশ হারে ভোটার বাড়ে। সেই হিসাবে এই বছরের হালনাগাদে সাড়ে সাত শতাংশ নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার কথা। কমিশনের প্রাক্কলিত হিসাব অনুযায়ী, এবারের হালনাগাদ শেষে ৭৩টি উপজেলায় নয় লাখ ৭৩ হাজার ৪৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার কথা। কিন্তু এ পর্যন্ত তথ্য ফরম পূরণ করেছে সাত লাখ ৯৪ হাজার ৫৯৩ জন (৬ দশমিক ১২ শতাংশ)।কমিশনের সূত্র আরও জানায়, কিছু উপজেলায় প্রাক্কলিত হারের বেশি ভোটার তথ্য ফরম পূরণ করেছেন। আবার কোথাও অপেক্ষাকৃত কমসংখ্যক ভোটার ফরম পূরণ করেছেন। কুমিল্লার মেঘনা উপজেলায় ১৩ শতাংশ ভোটার তথ্য ফরম পূরণ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, চট্টগ্রামের লোহাগাড়া, মুন্সিগঞ্জের গজারিয়া, কিশোরগঞ্জের কুলিয়ারচরসহ কিছু উপজেলায় ভোটার তথ্য পূরণের হার নয় থেকে ১২ শতাংশের মধ্যে। তবে ঢাকার সাভার, দিনাজপুরের নবাবগঞ্জ, ফেনী সদর ও জয়পুরহাট সদরসহ কয়েকটি উপজেলায় ভোটার তথ্য ফরম পূরণের হার পাঁচ শতাংশের মধ্যে। এখন পর্যন্ত ভোটার নিবন্ধনের অগ্রগতির হার ৩ দশমিক ১২ শতাংশ। মৃত ভোটারদের বাদ দেওয়ার জন্য ফরম পূরণ হয়েছে ৭৪ হাজার ৮৬৩টি। ভোটার ঠিকানা স্থানান্তরের জন্য ফরম পূরণ হয়েছে দুই হাজার ৮৪৯টি।কমিশন সূত্র জানায়, মাঠ কর্মকর্তারা প্রতিবেদনে অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ১৮ বছরের কম বয়সী অনেককে জন্মনিবন্ধন সনদপত্র দিচ্ছেন। এমন জন্মসনদধারীরা ভোটারযোগ্য না হলেও জন্মসদন থাকায় আইনগতভাবে তাদের ভোটার করতে হচ্ছে।