ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু আজ
নির্বাচন কমিশন আজ শনিবার থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ আজ বেলা ১১টায় নরসিংদীতে তালিকা হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
নির্বাচন কমিশন সূত্র বলেছে, এবারের হালনাগাদ কার্যক্রমে অন্যদের পাশাপাশি ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে যাঁরা ভোট দেওয়ার যোগ্য হবেন, তাঁদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ তাঁদের জন্ম হতে হবে ২০০০ সালের ১ জানুয়ারি অথবা তার আগে। এবার প্রথমবারের মতো ১৫ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের তথ্যও সংগ্রহ করবে কমিশন। এ হালনাগাদ কার্যক্রমে ৭২ লাখ নতুন ভোটার নিবন্ধন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিন ধাপে দেশের ৫১৪টি উপজেলায় আগামী বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিবন্ধন চলবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন, নরসিংদীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, চার নির্বাচন কমিশনার এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালকও উপস্থিত থাকবেন।
কর্মকর্তারা বলেছেন, তথ্য সংগ্রহের কাজও চলবে তিন ধাপে। আজ ২৫ জুলাই ১৮৯টি উপজেলায়, ১৬ আগস্ট ১৮৪টি উপজেলায় এবং ৭ সেপ্টেম্বর ১৪১টি উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ২৭ জেলার ৯০টি উপজেলায় তথ্য সংগ্রহ ও নিবন্ধনের জন্য ছবি তোলার সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।
বর্তমানে দেশে ভোটারের সংখ্যা ৯ কোটি ৬২ লাখেরও বেশি।