ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ কাল
ভোটার তালিকা হালনাগাদের খসড়া আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম।
ইসির সচিব জানান, হালনাগাদে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন ৪৬ লাখ ৭২ হাজার ১৭৬ জন। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৫ হাজার ৮০৬ জন। নারী ২০ লাখ ৪৬ হাজার ৩৭০ জন। হালনাগাদ শেষে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৬২ লাখ তিন হাজার ৭০৬।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খসড়া ভোটার তালিকা প্রথমবারের মতো ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ইসির সচিব সিরাজুল ইসলাম জানান, খসড়াতে অন্তর্ভুক্তি, সংশোধন, কর্তন প্রভৃতি বিষয়ে কোনো আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরমে সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ ২২ জানুয়ারির মধ্যে আবেদন নিষ্পত্তি করবে।