ভোটার তালিকাভুক্ত সেই ১০ ব্যক্তি ভারতীয় বলে প্রমাণিত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ১০ ব্যক্তি ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হয়েছেন। গতকাল সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই বিষয়ে তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৯ আগস্ট প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় পূর্ব জুড়ীর ৩ নম্বর ওয়ার্ডের ছোটধামাই গ্রামের বাসিন্দা হিসেবে ১০ ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়। তাঁরা হচ্ছেন চাওথোই সিংহ, নানাও দেবী, ববিতা দেবী, রুমি সিংহ, ধনীচাইমা সিংহ, মানান শর্মা, রেণু সিংহ, উলেন সিংহ, শৈলেজা ও জাইকাবা সিংহ।সূত্র জানায়, গত বছরের ১২ অক্টোবর পূর্ব জুড়ীর বড়ধামাই গ্রামের আদর উদ্দিন ১০ ব্যক্তিকে ‘ভুয়া’ উল্লেখসহ তাঁরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য দাবি করে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এর একটি অনুলিপি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়। পরবর্তীকালে নির্বাচন কমিশন সচিবালয় বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়।সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়। জেলা নির্বাচন ও নিবন্ধন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী এই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পূর্ব জুড়ীর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ইউপি সদস্য নীলবাবু সিংহ, ভোটার তথ্য সংগ্রহকারী দেওয়ান সিংহ ও রণজিৎ কুমার সিংহ, কার্যতদারককারী (সুপারভাইজার) নবীন চন্দ্র সিংহ, অভিযোগকারী আদর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযুক্ত ১০ ব্যক্তির কেউ সেখানে উপস্থিত হননি। প্রায় দুই ঘণ্টা এই কার্যক্রম চলে। তদন্ত শেষে জেলা নির্বাচন ও নিবন্ধন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ১০ ব্যক্তি ভারতীয় নাগরিক। কারও জ্ঞাত বা অজ্ঞাতে তাঁরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। এ বিষয়ে আমরা একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব। ভোটার তালিকা থেকে ১০ ব্যক্তির নাম কর্তন এবং তাঁদের জাতীয় পরিচয়পত্র বাতিলের বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’গত বছরের ১৪ নভেম্বর প্রথম আলোয় ‘ভোটার তালিকায় তাঁরা কারা?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।