ভোটার তালিকাভুক্ত হলেন সদস্য প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মাতিউর রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
ভোটার তালিকায় নাম না থাকায় ১০ মে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মাতিউর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ বিষয়ে ১৪ মে প্রথম আলোয় ‘জীবিত হয়েও তিনি মৃত!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মাতিউর রহমান বলেন, ‘আমি জীবিত থাকার পরও ভোটার তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে মৃত ব্যক্তি দেখানো হয়েছিল। বিষয়টি নিয়ে আপিল করায় কর্তৃপক্ষ আমার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আমি এখন নির্বাচনে অংশ নিতে পারছি।’
সুখাইড় রাজাপুর উত্তর ইউপির রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ভোটার তালিকায় নাম না থাকায় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মাতিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। কিন্তু ওই প্রার্থী এ নিয়ে আপিল করেন। পরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ায় তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।