ভোটার তালিকায় ভুলের সুযোগ নেই: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, ভোটার তালিকায় ভুলভ্রান্তির সুযোগ নেই। তবে নামের বানান ও জন্ম তারিখে কোনো ত্রুটি থাকলে তা নিয়মিত সংশোধন করা হচ্ছে।
গতকাল বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি আরও বলেন, শতভাগ নির্ভুল তালিকা দিয়েই আগামী সংসদ নির্বাচন হবে।
মঙ্গলবার বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, ভোটার তালিকায় গণ্ডগোল আছে। এ তালিকা দিয়ে নির্বাচন হতে পারে না।
বিরোধীদলীয় নেত্রীর এই অভিযোগ সম্পর্কে সিইসি কাজী রকিব উদ্দীন বলেন, একটি স্বাধীন সংস্থা ভোটার তালিকা পরীক্ষা করে দেখেছে। তারা ৯৯ দশমিক ৯৮ শতাংশ সঠিক পেয়েছে।
সিইসি বলেন, ভোটার তালিকা নিয়ে কোনো ধরনের আপস করব না। শেষ মুহূর্ত পর্যন্ত সংশোধন করা হবে। যেখানে ছবি, পুরো ঠিকানা ও বায়োমেট্রিক্স দিয়ে আমরা চেক করছি, মনে হয় না কোনো ভুলভ্রান্তির সুযোগ আছে। এখনো তথ্য আসছে, নতুন ভোটার হচ্ছে, নাম ভুল থাকলে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।