ভোটার তালিকায় ১৭০০ মৃত ব্যক্তির নাম, নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ইউনিয়নের ভোটার তালিকায় প্রায় ১ হাজার ৭০০ মৃত ব্যক্তির নাম রয়েছে—উল্লেখ করে আদালতে রিট আবেদন করেন এক ব্যক্তি। এ পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
চলতি বছর প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, ধর্মপুর ইউপিতে মোট ভোটার ১৭ হাজার ৩৮৯।
আদালতে রিট আবেদন করেন ইউনিয়নের কামদেবপুর গ্রামের গিয়াস উদ্দিন বিশ্বাসের ছেলে মুক্তিযোদ্ধা মো. হবিবর রহমান। তিনি বলেন, তিনিসহ এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি ভোটার তালিকা পর্যবেক্ষণ করে তাতে ১ হাজার ৭০০ মৃত ব্যক্তির নাম দেখতে পান। বিষয়টি তাঁরা উপজেলা নির্বাচন কর্মকর্তা ছাড়াও একাধিক চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীকে জানান। কিন্তু কেউ পদক্ষেপ না নেওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করার সিদ্ধান্ত নেন। গত ১৮ মে হাইকোর্টে করা রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, দিনাজপুরের জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিবাদী করা হয়। শুনানি শেষে আদালত একই দিন দেওয়া আদেশে বলেন, মৃত ব্যক্তিদের নাম বাতিল করে ধর্মপুর ইউপির ভোটার তালিকা হালনাগাদ না করা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত রাখতে হবে।
আদালতের আদেশ হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তকদির আলী সরকার। তিনি প্রথম আলোকে বলেন, জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন স্থগিত করা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, পূর্ব নির্ধারিত ৪ জুন ধর্মপুর ইউপিতে ভোট হচ্ছে না। কবে নাগাদ ভোট হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্চ আদালতের পুরো নির্দেশনা না দেখে তা বলা যাচ্ছে না।
এদিকে আদালতের এই আদেশের বিষয়টি জানেন না দিনাজপুর জেলা প্রশাসকের পাশাপাশি ধর্মপুর ইউপির প্রার্থীরাও। ফলে আগের মতোই সেখানে নির্বাচনী প্রচারণা চলছে।
জেলা প্রশাসক মীর খায়রুল আলম গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ধর্মপুর ইউপির ভোট গ্রহণ স্থগিত করা সংক্রান্ত আদালতের কোনো আদেশের কপি তাঁর কাছে আসেনি।
ধর্মপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শাবুল চন্দ্র সরকার ও বিএনপির প্রার্থী মো. নূর ইসলাম দুজনেই গতকাল বলেন, নির্বাচন স্থগিতসংক্রান্ত কোনো চিঠি তাঁদের কাছে পৌঁছায়নি। ফলে ইউপির চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থী সবাই নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।