ভোটার তালিকার কার্যক্রম উদ্বোধন বাতিল হলো
অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাসে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করবেন বলে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছিল। তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে বিতরণও করা হয়। গতকাল প্রথম আলোতে ‘ভোটার তালিকার কাজ উদ্বোধন করবেন সাংসদ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন বলে জানা গেছে। জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক ব্যক্তিদের ভোটার তালিকা কার্যক্রম উদ্বোধনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে টেলিফোনে কলেজ কর্তৃপক্ষকে এই ধরনের বেআইনি কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিই।’ তবে ভোটারদের ছবি তোলার কাজ নারায়ণগঞ্জ কলেজের ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত একনাগাড়ে চলে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, কোনো উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে নির্বাচন কমিশন জানে না।