ভোটার তালিকার ছবি তোলার লাইনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকার ছবি তোলার জন্য লাইনে দাঁড়ানো নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, গতকাল সোমবার সকালে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের টুকরা ছোনগাছা গ্রামে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ভোটার তালিকায় নাম তোলার জন্য ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আসেন। তিনি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। অপরদিকে দিয়ারপাচিল গ্রামের আরেকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একই কাজে সেখানে এলে লাইনে দাঁড়ানো নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেনকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর ওড়না ধরে টান দেওয়ার জন্যই বাগিবতণ্ডা হয়। এ নিয়ে এলাকাবাসী বুধবার একটি আপস-মীমাংসার বৈঠক ডাকার কারণে থানায় কোনো পক্ষ মামলা করেনি।