ভোটার তালিকার সিডির বদলে ফটোকপি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকার সিডি বিক্রি করার কথা। কিন্তু বগুড়ার ধুনটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের সিডি না দিয়ে ভোটার তালিকার ফটোকপি কিনতে বাধ্য করা হয়েছে। এ কৌশল অবলম্বন করে উপজেলা নির্বাচন কর্মকর্তা পৌনে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অথচ সরকারের বরাদ্দকৃত সিডি বিক্রি করলে সব প্রার্থীর মিলিয়ে মোট পাঁচ হাজার টাকা খরচ হতো।ধুনটের ১০টি ইউপির নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।সূত্রমতে, শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে চার হাজার ৫০০ টাকা, সংরক্ষিত নারী সদস্য পদে এক হাজার ৫০০ টাকা ও সাধারণ সদস্য পদে মনোনয়নপত্রের দাম এক হাজার টাকা নির্ধারণ করে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকালে নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীদের নিজ নিজ এলাকার ভোটার তালিকার ফটোকপি কিনতে বাধ্য করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ভোটার তালিকার ফটোকপির জন্য প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থীর কাছ থেকে চার হাজার টাকা হিসাবে দুই লাখ ৯২ হাজার টাকা, সংরক্ষিত নারী সদস্যদের কাছ থেকে এক হাজার ২০০ টাকা হিসাবে এক লাখ ৭১ হাজার ৬০০ টাকা এবং সাধারণ সদস্যদের কাছ থেকে ৫০০ টাকা হিসাবে দুই লাখ ২৫ হাজার টাকা আদায় করেছেন।উপরিউক্ত হিসাব অনুযায়ী, উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৬৬৬ জন প্রার্থীর কাছ থেকে ছয় লাখ ৮৮ হাজার ৬০০ টাকা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় প্রার্থীদের কাছ থেকে ওই টাকা আদায়ের জন্য সাদা কাগজে হাতে লেখা চিরকুট (রসিদ) দিয়েছে। রসিদমূলে ভোটার তালিকার ফটোকপি না কিনলে সেই প্রার্থীকে মনোনয়নপত্র দেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে প্রার্থীরা ভোটার তালিকার ফটোকপি কিনেছেন। অথচ বিধিতে বলা আছে, আগ্রহী প্রার্থীদের নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ভোটার তালিকা সংরক্ষিত কম্প্যাক্ট ডিস্কে (সিডি) সরবরাহ করতে হবে। প্রতি ইউনিয়নের জন্য একটি করে মোট ১০টি সিডি সরবরাহ করার অনুমতি ছিল, যা থেকে অন্য প্রার্থীরা ভোটার তালিকা সংগ্রহ করবেন। এই ১০টি সিডির সরকারি মূল্য ৫০০ টাকা করে পাঁচ হাজার টাকা, যা বিক্রি করে নির্বাচন কমিশনের তহবিলে জমা দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তা সরকারি সিডি বিক্রি না করে অবৈধভাবে ভোটার তালিকার ফটোকপি করে সেগুলো প্রার্থীদের মধ্যে বিক্রি করেছেন।ধুনটের নির্বাচন কর্মকর্তা রশিদুল হাসান প্রার্থীদের মধ্যে সিডি সরবরাহ না করে ফটোকপির মাধ্যমে বিক্রির ঘটনা স্বীকার করে বলেন, ‘এই টাকা অফিসের কাজে খরচ করা হবে। আমাদের নির্বাচন পরিচালনা করতে অনেক খরচ হয়। খরচের টাকা সংগ্রহ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই টাকার কিছু অংশ ঢাকা নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠানো হবে।’ইউপি নির্বাচনে উপজেলা সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি বলেন, ‘আমার কাছে এ ধরনের অভিযোগ অনেক প্রার্থী করেছেন। আমি নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগের সত্যতা পেয়েছি। বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাব।’