ভোটার তালিকায় নাম তুলতে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভোটার তালিকা তৈরির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন ভোটারদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে ১০০ থেকে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। টাকা না দেওয়ায় অনেকে ভোটার হতে পারছেন না।উপজেলার নাগদাহ ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে গত ২৮ মে। শেষ হবে আজ রোববার।নাগদাহ কুঠিপাড়ার দুই তরুণী শাহানা পারভীন ও খোদেজা খাতুন গতকাল শনিবার জানান, ভোটার হতে গতকাল বেলা ১১টায় নাগদাহ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে গেলে তাঁদের কাছে ৩০০ টাকা দাবি করেন ইউপির সচিব মুছাব আলী। শাহানা ও খোদেজা ১০০ টাকা করে দিতে চাইলেও মুছাব আলী তাতে রাজি হননি। ফলে ভোটার না হয়েই তাঁরা বাড়ি ফিরে যান।শাহানা পারভীন প্রথম আলোকে বলেন, ‘সচিব বুইলেচে জর্ম (জন্ম) নিবন্ধন না করলি ভুটার হওয়া যাবে না। তাই ফরম পূরুণ কইরে তাতে ডাক্তারের সই লাগবে। সই করতি মুন্সিগঞ্জ বাজারে যাতি হবে। মোটরসাইকেলের তেলখরচ ৩০০ ট্যাকা লাগবে।’ খোদেজা খাতুন বলেন, ‘লোকে ভোট নিয়ে রাজা-গজা হবে, আর আমরা ট্যাকা দিয়ে খাতায় নাম ল্যাকাব, তার দরকার নেই।’জহুরুলনগর গ্রামের বাসিন্দা আসলাম হোসেনের নাম ভোটার তালিকাভুক্ত করতে ডাক্তারের স্বাক্ষর সংগ্রহের নাম করে ১৫০ টাকা নিয়েছেন ইউপি সদস্য একদুল। শিশিরদাঁড়ি গ্রামের দিনমজুর রুবেল হোসেন টাকার অভাবে ভোটার তালিকায় নাম না তুলেই ফিরে গেছেন। তবে আসলামের অভিযোগ অসত্য দাবি করে ইউপি সদস্য একদুল বলেন, আসলামের পরিবারের তিনজন ভোটারের জন্মনিবন্ধন সনদ দেওয়ার বিনিময়ে ১৫০ টাকা নেওয়া হয়েছে।টাকা দাবির অভিযোগ অস্বীকার করে ইউপির সচিব মুছাব আলী প্রথম আলোকে বলেন, ‘জন্মসনদ অথবা এসএসসি পাসের সনদ ছাড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। তাই যাঁরা নতুন ভোটার হতে আসছেন, তাঁদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। জন্মসনদ ফরমে একজন এমবিবিএস পাস চিকিৎসকের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। ওই স্বাক্ষর করিয়ে দেওয়ার নামে আমি কোনো টাকা নিচ্ছি না। তবে অন্য কেউ টাকা নিচ্ছে কি না জানি না।’এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে জানান, অর্থ আদায়ের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম মোস্তফা ফেরদৌসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।