ভোটার তাড়াল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা পৌনে ১১টায়। সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি কামিল মাদ্রাসা কেন্দ্রের শ দুয়েক নারী ভোটার লাইনে দাঁড়িয়ে। এ সময় পুলিশের দুটি গাড়ি এসে থামে কেন্দ্রের ফটকে। গাড়ি থেকে নামলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, কালীগঞ্জ থানার ওসি গোলাম রহমান ও শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ। তাঁদের সঙ্গে লাঠি ও রাইফেল হাতে আরও ১০ জন পুলিশ কনস্টেবল।
তিন ওসি গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানো ভোটারদের জিজ্ঞেস করলেন, ‘তোরা ৫ জানুয়ারি ভোট দিয়েছিস।’ কয়েকজন ‘না’ সূচক জবাব দিলেন। এরপর ওসিদের ইঙ্গিত পেয়ে পুলিশ কনস্টেবলরা লাঠি উঁচিয়ে তেড়ে যান ভোটারদের দিকে। বললেন, ‘ভাগ, ৫ জানুয়ারি ভোট দেয়নি। এখন আইসে ভোট দিতি।’ কয়েকজনকে রাইফেলের বাঁট দিয়ে পেটালেন। ভোটাররা দৌড়ে পালালেন। এ সময় সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় পুলিশ। ধমক দিয়ে বলেন, ‘খবরদার, তোরা ছবি তুলবি না।’ ছত্রভঙ্গ ভোটাররা কেন্দ্র থেকে একটু দূরে গিয়ে জড়ো হন। সেখানে পালপাড়ার করুণা রানী সিংহ ও সুরাইয়া খাতুন ক্ষোভ প্রকাশ বলছিলেন, ‘ভোট দিতি দিবে না, তো আসতি বললি ক্যান? রাজার ভোটে (৫ জানুয়ারি সংসদ নির্বাচন) জামাতিরা ভোট দিতি দেয়নি। আর এবার দিল না পুলিশ।’ এরপর পাশের আগরদাঁড়ি মহিলা মাদ্রাসা কেন্দ্র থেকেও একইভাবে ভোটারদের তাড়িয়ে দেওয়া হয়।
জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক বলেন, ‘আমরা তিন থানার ওসি মিলে ভোটকেন্দ্রগুলো পরিদর্শনের সময় লাইনে কোনো পলাতক আসামি আছে কি না, তা দেখার চেষ্টা করি। তখন ভোটারদের মধ্যে কারা কারা ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়েছে জানতে চাইলে জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যায়।’
অনেক কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরাও একইভাবে ভোটারদের কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক বেশি, এমন এলাকায় এ ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদকদ্বয় শেয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখেন, নারী ভোটারদের দীর্ঘ সারি। আর কেন্দ্রের বাইরে তখন অর্ধশত তরুণের জটলা ও হট্টগোল। জানা গেল, তরুণেরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান কর্মী-সমর্থক। তাঁরা হট্টগোলের একপর্যায়ে নারী ভোটারদের দিকে তেড়ে গেলেন। মুহূর্তে ভোটাররা সবাই কেন্দ্র ছেড়ে পালালেন। এ সময় কেন্দ্রের বাইরে বিজিবির সদস্যরা আর ভেতরে ছিলেন পুলিশ।
এ ছাড়া আগের রাতেই পুলিশ ও প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামানের ‘আনারস’ প্রতীকে সিল মেরে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। এখানকার মানুষের মধ্যে এটি আলোচনার বড় বিষয়বস্তু ছিল। বেলা একটার দিকে সাতক্ষীরা সদর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২১৪ নম্বর কক্ষে এমন ২০০টি সিল মারা ব্যালট পেপার এ প্রতিবেদকও দেখতে পান। জানাজানি হলে সেগুলো পুলিশ উদ্ধার করে। পরে সেগুলো বাতিল করা হয়েছে বলে জানা গেছে। সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, দু-একটি কেন্দ্রে আনারস প্রতীকে সিল মারা কিছু ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এমন দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।
বিএনপির বর্জন, জামায়াতের হরতাল আজ: এদিকে ভোট ডাকাতি, কেন্দ্র দখল, ভোট শুরুর আগে ব্যালট বাক্স ভর্তি করা ও ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে বেলা একটায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি। ‘গণহারে ভোট ডাকাতির’ অভিযোগে সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটার ভোট বর্জন করে এই তিন উপজেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াত।