ভোটার নন, অন্যের নামে মনোনয়নপত্র দাখিল করে প্রার্থী
ভোটার তালিকায় নাম নেই। নাম নেই বৈধ প্রার্থীর তালিকাতেও। তবু তিনি নির্বাচন করছেন। এ ঘটনা ঘটেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। ১৫ মার্চ এ উপজেলা পরিষদ নির্বাচন হবে।
জানা গেছে, এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জরিনা বেগম নামের এক নারী হাঁস প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। জরিনা বেগম নবাবগঞ্জ উপজেলার ভোটার নন। মনোনয়নপত্রে যে ভোটার নম্বর ও ঠিকানা উল্লেখ করেছেন, তা রিনা বেগম নামের এক নারীর।
বিষয়টি জানতে পেরে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আখেরুর রহমান ৩ মার্চ জরিনা বেগম নামে কোনো ভোটার নবাবগঞ্জ উপজেলায় নেই বলে প্রত্যয়নপত্র দেন।
আখেরুর রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলার ভোটার না হলে ওই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারেন না। অন্য কারও নাম ব্যবহার করে প্রার্থী হলে তা শাস্তিযোগ্য অপরাধ।
দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, মনোনয়নপত্র জমা দিয়ে হাঁস প্রতীক পেয়েছেন রিনা বেগম নামের এক নারী। তাঁর ভোটার নম্বর ২৭২১১৩৬০১২৭৯। তিনি উপজেলার কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ (ইসলামপুর) গ্রামের ফেরাজুল ইসলামের স্ত্রী।
নির্বাচন কার্যালয়ে দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে দেখা গেছে, রিনা বেগম জরিনা বেগমের প্রতিবেশী। রিনা বেগম জানান, কোনো এক কাজের কথা বলে জরিনা বেগম দুই মাস আগে তাঁর কাছ থেকে ভোটার আইডি কার্ডটি নিয়েছিলেন। এর এক মাস পর জরিনা বেগম কার্ডটি তাঁকে ফেরত দেন। রিনা বেগম আরও জানান, তিনি কোনো মনোনয়নপত্র জমা দেননি। নির্বাচনও করছেন না। এ ঘটনা নিয়ে তাঁর বাড়িতে প্রতিনিয়ত সাংবাদিকসহ বিভিন্ন ধরনের লোক আসায় তিনি বিরক্ত। তিনি আরও জানান, ঘটনার বিষয়ে জানতে চাইলে জরিনা বেগম ভুল হয়েছে এবং কয়েক দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে বলে তাঁকে আশ্বস্ত করেছেন।
সরেজমিনে দেখা গেছে, নবাবগঞ্জ উপজেলার প্রায় সব জায়গায় হাঁস প্রতীকে জরিনা বেগমের ছবিসংবলিত পোস্টার লাগানো রয়েছে। এলাকাবাসী জানান, জরিনা বেগম সবার কাছে হাঁস প্রতীকে ভোট চাচ্ছেন। এ বিষয়ে জরিনা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি তাঁর বাসায় যেতে বলেন। গত রোববার তাঁর বাসায় গিয়ে বাড়ির ফটকে তালাবদ্ধ দেখা গেছে। বাড়ির ফটকের দুই পাশে হাঁস প্রতীক ও জরিনা বেগমের ছবিসংবলিত বড় দুটি পোস্টার লাগানো। সেখানে দাঁড়িয়ে মুঠোফোনে কল দিলেও জরিনা বেগম ফোন ধরেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, ‘জরিনা বেগম নামের কেউ এখানে মনোনয়নপত্র জমা দেননি। অতএব, জরিনা বেগম কী করল, সেটি দেখার বিষয় আমাদের নয়।’
প্রতীক ও পোস্টার ছাপিয়ে জনগণকে বিভ্রান্ত করা এবং প্রার্থীর লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী গতকাল বুধবার বলেন, যে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।