ভোটার না হয়েও জনপ্রতিনিধি!
ভোটার তালিকায় নাম নেই। তবু জনগণের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন এক বিদেশি নাগরিক! কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। ১১ জুন চকরিয়ার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের দিন বিকেল চারটায় সদস্য পদে প্রার্থী নাজের হোসাইন স্থানীয় হারবাং রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা তাঁকে জানান, ভোটার তালিকায় তাঁর নাম নেই। তখন তিনি নিজেকে সদস্য পদপ্রার্থী দাবি করে হইচই শুরু করলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। তখন অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকেরা জড়ো হয়ে ভোটারহীন মিয়ানমারের নাগরিক কী করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেল, তার কৈফিয়ত চেয়ে বিক্ষোভ শুরু করেন। রাতে ভোট গণনা শেষে দেখা গেল, নাজের হোসাইন ৪৪৭ ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন। আর ৩৬৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে গোলাম সাত্তার, ২২৩ ভোট পেয়ে তৃতীয় হন মোরশেদ আলম। ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরিদ আলম নাজের হোসাইনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী গোলাম সাত্তার ও মোরশেদ আলম অভিযোগ করেন, ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও নাজের হোসাইন কালো টাকার জোরে মনোনয়নপত্র দাখিল করেছেন। এই মনোনয়ন বৈধ ঘোষণা করে তাঁকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচন করার সুযোগ দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই অনিয়মের প্রতিকার চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ১২ জুন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাসহ প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা হয়নি। রিটার্নিং কর্মকর্তা ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘ভোটার তালিকায় তাঁর নাম নেই সত্যি। কিন্তু তার পরও নাজের হোসাইনের মনোনয়নপত্র বাতিল হয়নি। যথাসময়ে প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বশেষ তাঁকে সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করে ভুল করেছি। এখন ক্ষতিগ্রস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করতে পারেন। তখন নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা তাই করব।’ অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘ভুল তো মানুষেরই হয়।’ জানতে চাইলে নাজের হোসাইন বলেন, ‘ভুল হয়ে গেছে। ভোটার তালিকায় নাম নেই জানা ছিল না। বিকেলে নিজের ভোটটি দিতে গিয়ে জানতে পারি, আমি ভোটার নই। ভোটার তালিকা থেকে আমার নাম কেটে দিয়েছে। আমি নাকি রোহিঙ্গা।’ তিনি দাবি করেন, ১৯৯৮ সালের ভোটার তালিকায় তাঁর নাম (ভোটার নম্বর ১৩৬) ছিল। রোহিঙ্গা হওয়ায় পরে তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।