ভোটার নেই, তার পরও বাক্স ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-৫ উপনির্বাচনে নুরিয়া স্কুলের ভোট কেন্দ্রের চিত্র। ছবি: ফোকাস বাংলা
বরিশাল-৫ উপনির্বাচনে নুরিয়া স্কুলের ভোট কেন্দ্রের চিত্র। ছবি: ফোকাস বাংলা

বরিশাল-৫ সদর আসনে উপনির্বাচনে ভোট কেন্দ্রগুলো ছিল ফাঁকা। তবে সব কেন্দ্রেই আওয়ামী লীগ, ছাত্রলীগের কিছু কর্মী-সদস্যদের দেখা গেছে। সংবাদকর্মী এলে তাঁরাই লাইনে দাঁড়িয়ে ভোটার সেজেছেন। সকাল ১০টার মধ্যে অধিকাংশ ভোটকেন্দ্রের বুথগুলোতে ভোটের বাক্স ভরা ছিল।

সকাল নয়টার দিকে কিছু ভোটারের উপস্থিতি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার শূন্যে নেমে যায়। তখন কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীদেরই দেখা গেছে। তাঁরাই বুথে ঢুকে একাধিকবার ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০-২৫টি কেন্দ্র ঘুরে প্রতিদ্বন্দ্বী বিএনএফ-সমর্থিত প্রার্থী সাইফুল ইসলামের এজেন্ট দেখা যায়নি।

সদর উপজেলার দক্ষিণ জাগুয়া রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার মো. রুহুল আমীনের দাবি, সকাল ১০টার দিকে মাঠে ১০০ ভোটার উপস্থিত ছিল। তারপর আর ভোটার দেখা যায়নি। দুপুর ১২টায় ওই কেন্দ্রের ভোট দেওয়ার হার দেখানো হয়েছে ৪৫ শতাংশ। ভোটার না থাকার পরও এত ভোট কীভাবে পড়েছে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, এখন ভোটার নেই ঠিক, কিন্তু প্রথম দিকে ভোটারের চাপ ছিল।

ভোট দিচ্ছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেবুন্নেছা আফরোজ। ছবি: ফোকাস বাংলা
ভোট দিচ্ছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেবুন্নেছা আফরোজ। ছবি: ফোকাস বাংলা

এরকম অবস্থা দেখা গেছে নির্বাচনী এলাকার সব কেন্দ্রে। শহরাঞ্চলে ভোটের হার কম দেখানো হলেও শহরের পাশের কেন্দ্রগুলো সকাল ১০টার মধ্যেই ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়। অনেক কেন্দ্রে ভোট শুরুর আগেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যালটে সিল দিয়ে বাক্স ভরে ফেলেছেন অভিযোগ পাওয়া গেছে। দুপুর ১২টায় হরিণাফুলিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কর্মকর্তা, কর্মচারী, আনসারদের অলস বসে থাকতে দেখা গেছে। তবে এর আগেই ওই কেন্দ্রের ৬০ শতাংশ ভোট পড়েছে দাবি করেন প্রিসাইডিং কর্মকর্তা দেবাশীষ হালদার। তিনি জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্ট আসেনি।
সকাল সাড়ে ১০টায় সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে গিয়ে দু-একজন ভোটারকে ভোট কক্ষে দেখা গেছে। তখন ওই কেন্দ্রে ৬৯৮ ভোট জমা পড়েছে। সাড়ে ১০টায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগের শতাধিক কর্মী অবস্থান করছেন। একটু পরে ফটোসাংবাদিক আসছে দেখে তাঁরাই দাঁড়িয়ে যান লাইনে।
বেলা ১১টায় নূরিয়া কিন্ডারগার্টেন কেন্দ্রে গিয়ে জানা যায় ২৭ শতাংশ ভোট পড়েছে। ভোটার নেই এত ভোট কীভাবে পড়েছে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মো. ইউনুস জানান, সকাল নয়টার দিকে ভোটারের দীর্ঘ লাইন ছিল।

বেলা সোয়া দুইটায় বরিশাল সিটি কলেজ কেন্দ্রে আসেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেবুন্নেছা আফরোজ। সুষ্ঠুু পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক উপস্থিত ছিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট নেই, একক নির্বাচন কি না—জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘অন্য প্রার্থী কেন তাঁর এজেন্ট দেননি সেটা তাঁর ব্যাপার। আমি আমার সব প্রস্তুতি নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করছি।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি নির্বাচনী মাঠে নেই। দলের চেয়ারম্যান বেইমানি করেছেন। তিনি বর্তমানে আত্মগোপনে আছেন। ১৮ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর বক্তব্য তুলে ধরবেন বলেও জানান তিনি।