ভোটার হওয়ার আহ্বান ইসির
যাঁরা এখনো ভোটার হননি, তাঁদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার হওয়ার যোগ্য কোনো কোনো ব্যক্তি এখনো ভোটার হতে পারেননি মর্মে কিছু পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। ভোটার তালিকাভুক্ত হওয়া একটি চলমান প্রক্রিয়া। চলতি বছরের ১ জানুয়ারি বা তার আগে যাঁদের বয়স ১৮ বছর হয়েছে, এমন কেউ ভোটার তালিকাভুক্ত না হয়ে থাকলে তাঁরা নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ভোটার হতে পারবেন।
ইসির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভোটার তালিকা-সংক্রান্ত ডেটাবেজের শুদ্ধতা নিয়ে কোনো কোনো মহল প্রশ্নের অবতারণা করছে। কিন্তু এ নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। কারণ, ভোটার হওয়ার জন্য প্রত্যেককে সশরীরে ভোটার নিবন্ধনকেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ছক পূরণ করতে হয়। সেখানে তাঁর ছবি ও আঙুলের ছাপ গ্রহণ করা হয়। এরপর অটোমেটিক ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেমের (এএফআইএস) মাধ্যমে কেউ দুবার ভোটার হয়েছেন কি না, তা যাচাই করা হয়।