জেলা পরিষদ নির্বাচনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার পঞ্চগড়ের পাঁচ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যরা মানববন্ধন করেছেন। একই দাবি জানিয়ে পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
তাঁদের দাবির মধ্যে রয়েছে উপজেলা পরিষদে সংরক্ষিত নারী সদস্যদের কাজের প্রকৃতি ও পরিধি স্পষ্টকরণ, সম্মানী ভাতা চালু, উপজেলায় পৃথক কার্যালয় কক্ষ বরাদ্দ, উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারী সদস্যদের সম্পৃক্ত ও প্রকল্প বাস্তবায়নের সুযোগ এবং জেলা পরিষদ নির্বাচনে নির্বাচকমণ্ডলীর তালিকায় নারী সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিকেলে মানববন্ধন করেন উপজেলা পরিষদের ১০ নারী সদস্য। পরে তাঁরা পাঁচ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের কাছে দেন। পঞ্চগড় সদর উপজেলা পরিষদের নারী সদস্য মহসিনা বেগম বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচকমণ্ডলীর তালিকা করা হলেও আমাদের বাদ দেওয়া হয়েছে। অথচ ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার জাহান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা না থাকায় আমরা উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যদের ভোটার করতে পারিনি।’