ভোটার হচ্ছেন বিলুপ্ত ছিটবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অংশ হয়ে যাওয়া সাবেক ছিটমহলগুলোর বাসিন্দাদের ভোটার করা হচ্ছে। ছিটমহলগুলোর সীমানা বিন্যাস শেষ হলে নির্বাচন কমিশন সেখানে ভোটার তালিকা তৈরির কাজ শুরু করবে।
পঞ্চগড়, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসনের সূত্রগুলো বলেছে, ছিটমহলগুলোর বাসিন্দাদের ভোটার করার জন্য এগুলোর সীমানা নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এগুলোর সীমানা নির্ধারণের কাজ শেষ হবে। ইতিমধ্যে কোন ছিটমহল কোন ইউনিয়ন বা কোন গ্রামের সঙ্গে যুক্ত হবে, কোনো ছিটমহল আলাদা ইউনিয়ন পরিষদ (ইউপি) হবে কি না, তা নির্ধারণের জন্য জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই ইউএনওরা সীমানা নির্ধারণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করবেন।
এত দিন নাগরিকত্ব ও ভোটাধিকার না থাকা সাবেক ছিটমহলবাসীরাও ভোটার হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী ছিটমহলের চেয়ারম্যান আলতাফুর রহমান এবং শালবাড়ী, কাজলদীঘি, নাটকটোকা ও বেহুলাডাঙ্গা ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবরুদ্ধ থাকায় তাঁরা কখনো ভোটার হওয়ার সুযোগ পাননি। তাই কোনো নির্বাচনে মতামত তুলে ধরতে পারেননি। অপেক্ষায় আছেন, কখন তাঁদের ভোটার করা হবে।
গত ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অংশ হয়ে গেছে। আর ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের হয়ে গেছে। এর মাধ্যমে দুই দেশের ৫০ হাজারের বেশি মানুষের ৬৮ বছরের অবরুদ্ধজীবনের অবসান ঘটেছে।
বাংলাদেশের অংশ হওয়া ১১১টি ছিটমহলের মোট আয়তন ১৭ হাজার ১৬০ দশমিক ৬৩ একর। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এসব ছিটমহলের জনসংখ্যা ৩৭ হাজার ৩৮৩ জন।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর একমাত্র ১৯৯০ সালে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লালমনিরহাটের আঙ্গরপোতা ও দহগ্রামের বাসিন্দাদের ভোটার করা হয়েছিল। তবে বর্তমানে আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহলের তালিকায় নেই। অন্য ছিটমহলগুলোর বাসিন্দাদের কখনোই ভোটার করা হয়নি।
নির্বাচন কমিশনার আবদুল মোবারক গত রোববার প্রথম আলোকে বলেন, ছিটমহলবাসীদের ভোটার করার বিষয়টি নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। জেলা প্রশাসন ছিটমহলের সীমানা নির্ধারণ করে জানানোর পর কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জরিপের (ক্যাডাস্ট্রাল সার্ভে) কাজটি যেহেতু ব্রিটিশ আমল থেকেই করা আছে, তাই সীমানা বিন্যাস করতে বেশি সময় লাগবে না। এ বছরের মধ্যে ছিটমহলবাসীদের ভোটার করা সম্ভব।
কোটভাজনীর চেয়ারম্যান আলতাফুর রহমান এবং শালবাড়ী, কাজলদীঘি, নাটকটোকা, বেহুলাডাঙ্গার চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের এলাকাবাসী আলাদা ইউনিয়ন পরিষদ গঠনের দাবি করেছে। এ বিষয়ে জেলা প্রশাসনে আবেদন করা হয়েছে।
তবে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, কিছু ছিটমহলের বাসিন্দারা তাঁদের এলাকা নিয়ে আলাদা ইউনিয়ন পরিষদ গঠনের দাবি করছেন। কিন্তু আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ গঠন করতে হলে নির্দিষ্ট পরিমাণ আয়তন ও জনসংখ্যা থাকতে হয়, যা বেশির ভাগ ছিটমহলের নেই। তা ছাড়া বেশ কয়েকটি ছিটমহলের অংশবিশেষ অন্য উপজেলায় পড়েছে। ইউএনওদের এসব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে। আশা করা যায়, এক-দেড় মাসের মধ্যে সীমানা বিন্যাস করে নির্বাচন কমিশনকে জানানো যাবে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী, জেলা প্রশাসন কতগুলো গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠন করতে পারবে। প্রতিটি ইউনিয়নে নয়টি করে ওয়ার্ড থাকবে। সরকার ইউনিয়ন পরিষদ ও তার ওয়ার্ডের জনসংখ্যা নির্ধারণ করবে। এক ওয়ার্ডের সঙ্গে অন্য ওয়ার্ডের জনসংখ্যার পার্থক্য ১০ শতাংশের বেশি হতে পারবে না। ওয়ার্ডের সীমানার প্রাথমিক তালিকা তৈরি করে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশের এক মাসের মধ্যে দাবি ও আপত্তি গ্রহণ করে তা নিষ্পত্তি করে চূড়ান্তভাবে ইউনিয়ন ও ওয়ার্ড ঘোষণা করা যাবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ বলেন, সেপ্টেম্বরের মধ্যেই ছিটমহলগুলোর সীমানা বিন্যাস করে নির্বাচন কমিশনকে জানানো হবে।
লালমনিরহাটের পাটগ্রামের ইউএনও কুতুবুল আলম প্রথম আলোকে বলেন, এই উপজেলায় ৫৫টি ছিটমহল আছে। আয়তনে ছোট হওয়ায় কেউ আলাদা ইউনিয়ন পরিষদ গঠনের দাবি করেননি। কোন ছিটমহল কোন ইউনিয়নের সঙ্গে যুক্ত হবে, সে-সংক্রান্ত প্রাথমিক কাজ উপজেলা থেকে আগেই করে রাখা হয়েছে। গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।