ভোটার হতে দ্বৈত নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সনদ লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বৈত নাগরিকত্ব আছে, এমন প্রবাসী বাংলাদেশিদের ভোটার হতে এবং জাতীয় পরিচয়পত্র পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিকত্ব সনদ নিতে হবে। গত ১১ জানুয়ারি নির্বাচন কমিশন এ-সম্পর্কিত একটি নীতিমালা তৈরি করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।সূত্র জানায়, এ বিষয়ে দু-এক দিনের মধ্যে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রকল্পের কাছে নির্দেশনা পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে সনদ নেওয়া ছাড়াও প্রবাসীদের বাংলাদেশে বসবাসের ঠিকানা এবং এর অনুকূলে গ্যাস, বিদ্যুৎ বিলসহ জাতীয় প্রয়োজনীয় দলিলাদি থাকতে হবে। সনদের জন্য আবেদনকারীদের বাংলাদেশের বৈধ পাসপোর্ট দেখাতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, এ ধরনের একটি প্রস্তাব প্রক্রিয়াধীন। তবে এখনো চূড়ান্ত হয়নি। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিতে সরকার গত বছর ভোটার তালিকা আইনে সংশোধনী আনে। এর ফলে প্রবাসী দ্বৈত নাগরিকদের দেশে ভোটার হওয়ার সুযোগ তৈরি হয়।