ভোটার হতে পারছেন না বিলুপ্ত ছিটের ২০০০ জন
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা ও সদর উপজেলার বিলুপ্ত ৩৬টি ছিটমহলের প্রায় দুই হাজার বাসিন্দার।
২০১১ সালে বাংলাদেশ-ভারত যৌথ জনগণনায় নাম না থাকায় তাঁদের ভোটার করা হচ্ছে না। এ ছাড়া জনগণনায় অন্তর্ভুক্ত অবিবাহিত পুরুষদের যাঁরা পরে বিয়ে করেছেন, তাঁদের স্ত্রীদের নামও ভোটার তালিকায় ওঠেনি।
জেলা প্রাশসন ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ছিটমহল বিনিময়-সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং কমিটি ২০১১ সালে জনগণনা করে। ওই সময় যাঁদের বাড়িতে পাওয়া যায়নি, তাঁদের নাম জনগণনায় অন্তর্ভুক্ত হয়নি। দেবীগঞ্জ উপজেলায় প্রায় ১ হাজার, বোদা উপজেলায় প্রায় ৫০০ ও সদর উপজেলায় ২ শতাধিক ব্যক্তির নাম জনগণনায় ওঠেনি। ২০১১ সালের গণনায় বাদ পড়া অনেকে বাড়িতে থাকলেও ২০১৫ সালের তালিকায় তাঁদের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তাঁরা ভোটার হতে পারছেন না।
ভারতের ৩৬টি ছিলমহল ছিল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ, টেপ্রিগঞ্জ ও চিলাহাটি ইউনিয়নের হাজীপাড়া, বালাপাড়া, দহলা খাগড়াবাড়ি, ওকরাবাড়ি, কোর্টভাজনি, নাটকটোকা, বেহুলাডাঙ্গা, কাজলদিঘী, শালবাড়ি; বোদা উপজেলার বড়শশী, কাজলদিঘী কালিয়াগঞ্জ ও ময়দানদিঘী ইউনিয়নের নাজিরগঞ্জ, দইখাতা, পুটিমারী এবং পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ও হাফিজাবাদ ইউনিয়নের গাড়াতিতে। এসব এলাকায় ১০-১৬ জুলাই ভোটারের তথ্য সংগ্রহের কাজ শেষ হয়। ছবি তোলার জন্য রেজিস্ট্রেশনের কাজ হয়েছে ১৭-২৫ জুলাই। তবে জনগণনায় বাদ পড়া এসব এলাকার প্রায় দুই হাজার ব্যক্তির নাম ভোটার তালিকায় ওঠেনি বা ছবি তোলার জন্য তাঁদের ডাকা হয়নি।
২০১১ সালের জনগণনায় অন্তর্ভুক্ত হতে পারেননি বিলুপ্ত ছিটমহল বেহুলাডাঙ্গার আমিনপাড়া এলাকার আতাউল ইসলাম (৪০)। তিনি বলেন, ‘চট্টগ্রামে কাজ করতে গিয়েছিলাম। সে সময় (২০১১) জনগণনা চলেছিল। জানতাম না, আসতেও পারিনি। কেউ আমার নামও বলেনি। এ কারণে জনগণনায় আমার নাম নেই। আমি এখন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারিনি।’ একই অবস্থা বেহুলাডাঙ্গা সিরাজনগর এলাকার টিপি খাতুনের, হাজীপাড়া এলাকার মমিনুল ও দহলাখাগড়াবাড়ি এলাকার নুরিনা বেগমেরও।
বিলুপ্ত নাজিরগঞ্জ ছিটমহলের বাসিন্দা ও কলেজছাত্রী শামীমা আক্তার বলেন, ‘কলেজ থেকে এসে শুনি হেড কাউন্টিং শেষ। সে সময় (২০১১) আমার নাম হেড কাউন্টিংয়ে অন্তর্ভুক্ত হয়নি। এখন ভোটার হতে পারছি না। আমি কি ভিন দেশ থেকে এখানে এসে বসবাস করছি?’
বাদ পড়া এসব ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা স্থানীয় নির্বাচন কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শরণাপন্ন হচ্ছেন। বোদা উপজেলার ইউএনও মো. আবু আউয়াল বলেন, ‘বাদ পড়া ব্যক্তিদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। এ তালিকা আমরা নির্বাচন কমিশনে পাঠাব। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিলে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।’
জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান বলেন, ‘ভোটার তালিকায় নাম না ওঠার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বাদ পড়াদের তালিকাও পাঠানো হবে। কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত দিলে পরবর্তী সময়ে তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’