ভোটারদের করুণা পেতে মৃত ভাইকে ব্যবহার!
২০০৬ সালের ১০ ডিসেম্বর চরমপন্থী ক্যাডারদের হাতে খুন হয়েছিলেন রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম। সে সময় স্থানীয় আওয়ামী লীগ প্রতিবাদ কর্মসূচি পালন করে খুনিদের শাস্তির দাবি জানায়। কিন্তু ঘটনার এক সপ্তাহের মধ্যে সব কর্মসূচি শেষ হয়ে যায়। সাড়ে চার বছর পর হঠাৎ ইউপি নির্বাচনের আগে ওই নেতার খুনিদের ফাঁসির দাবি করে পোস্টারিং করা হয়েছে।পোস্টারে নিহত জাহাঙ্গীর আলমের জীবিত ও খুনের পরের বীভৎস ছবি দেওয়া হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই পোস্টার সাঁটানো হলেও তারা কিছুই জানে না। প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থীর অভিযোগ, ভোটারদের করুণা পেতে নিহত ওই ব্যক্তির ছোট ভাই ও চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন এ কাজ করেছেন।ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মজিদ খানের অভিযোগ, নির্বাচনের আগে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন ভোটারদের করুণা পেতে মৃত ভাইকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার জন্য পোস্টার সাঁটিয়েছেন।চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন পোস্টার সাঁটানোর কথা স্বীকার করে জানান, খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে সেগুলো সাঁটানো হয়েছে। এটা ইউনিয়ন আওয়ামী লীগ করেছে।তবে এ বিষয়ে গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক জানান, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না। বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সালাম জানান, এটা নির্বাচন আচরণবিধির মধ্যে পড়ে না।