ভোটারদের কাছ থেকে টাকা উদ্ধারে মরিয়া পরাজিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২২ জুনের নির্বাচনে এবার প্রার্থী-ভোটারদের অনেক টাকা লেন-দেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোটে হেরে অনেক প্রার্থী টাকা উদ্ধারে মরিয়া হয়ে উঠেছেন। চাপে পড়ে অনেক ভোটার এরই মধ্যে টাকা ফেরতও দিয়েছেন। এ নিয়ে দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় তিনটি মামলা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, রাধানগর ইউপি চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেনের কয়েকজন সমর্থক ২৫ জুন বালাপাড়া গ্রামের নজরুল ইসলাম ও অফিসপাড়া গ্রামের মহেববুল ইসলামকে পিটিয়েছেন। গ্রামের মানুষের ভোট নিয়ে দেওয়ার কথা বলে প্রার্থীর কাছ থেকে মহেববুল ৩৫ হাজার ও নজরুল ৬০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু কোনো ভোটারকে তাঁরা টাকা দেননি বলে সমর্থকদের অভিযোগ। তবে মহেববুল ও নজরুল টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। দামোদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী শাহিনুর আলমও টাকা ফেরত নিতে আমরুলবাড়ী হাটখোলাপাড়া গ্রামে বাড়ি বাড়ি ঘুরছেন। এরই মধ্যে গ্রামের সাফিয়া খাতুন (৩০) ২০০ টাকা এবং হামিদা বেগম (৪২) ২২০ টাকা তাঁকে ফেরত দিয়েছেন। সাফিয়া খাতুন বলেন, ‘ভোটের রাইতোত জোর করি মেম্বার (শাহিনুর) হাতোত ২০০ টাকা দিয়া গেইছে। মুই তাক ভোট দেও নাই। অ্যালা টাকা চায়া ভয় দেখাওচে। সেই জন্যে টাকা ঘুরি দিছু।’ হামিদা বেগম বলেন, ‘মেম্বার ভোটের আগের দিন কাপড় কিনবার জন্যে ২২০ টাকা দেচে। কাপড় কিনচি, তাঁক ভোটও দিচি। পরে কয় টাকা ঘুরি দেও, না হইলে চামড়া খিচি দেইম।’শাহিনুর আলম বলেন, ‘টাকা নিয়ে যাঁরা ভোট দেননি, তাঁরা টাকা ফেরত দিবে না কেন?’ টাকা দিলেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার নির্বাচনে টাকার খেলা হয়েছে। যে বেশি টাকা দিয়েছে, ভোটাররা তাঁকে ভোট দিয়েছেন।’দামোদরপুর ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী খালেদা বেগম পরাজিত হওয়ায় তাঁর ছেলে খেলাপ হোসেন টাকা ফেরত নিতে জামালপুর গ্রামের ভোটার রুবেলকে (৩৫) ২৩ জুন সন্ধ্যায় বেধড়ক পিটিয়েছেন। আহত রুবেল এখন বদরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। রুবেল বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। আক্রোশমূলকভাবে খেলাপ হোসেন দলবলসহ আমাকে হাট থেকে তুলে নিয়ে মেরেছেন। আমি মামলা করব।’রামনাথপুর ইউপির চেয়ারম্যান পদে পরাজিত হয়ে তানভিরুজ্জামানের সমর্থকেরা এলাকার ঘাটাবিল শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীকে ২৪ জুন দুপুরে উপজেলা পরিষদ মাঠে পিটিয়ে জখম করেছেন। তানভিরুজ্জামান বলেন, ‘ভোটের আগে ওই শিক্ষক আমার কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়ে কোনো কাজ করেননি। টাকা ফেরত চাইলে উল্টো তিনি আমার লোকজনকে হুমকি দেন। এই নিয়ে তাঁর সঙ্গে গণ্ডগোল হয়েছে। পরে মীমাংসাও হয়েছে।’শাহজাহান আলী বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। আমার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছে। পরে ক্ষমা চাওয়ায় মাফ করে দিয়েছি।’ লোহানীপাড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী আবদুল কাদের মুসলমানি গাছুয়াপাড়া গ্রামের জাদু মিয়া (৫০) ও সোহরাব হোসেনকে (৫৫) ভোট দেওয়ার অঙ্গীকারে এক হাজার টাকা দেওয়ার অভিযোগ তুলে ২৫ জুন তাঁদের মারধর করেছেন। আবদুল কাদের বলেন, ‘টাকা নিয়ে ভোট না দেওয়ায় মাথা ঠিক ছিল না।’দামোদরপুর ইউপির পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমান বলেন, ‘এই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক টাকা দিয়ে ভোট কিনে জয়লাভ করেছেন।’ তবে আজিজুল হক এ অভিযোগ অস্বীকার করেন। রাধানগর ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান বলেন, ‘এবার উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচনে টাকার খেলা চলেছে। টাকা দিতে না পারায় সৎ মানুষও চেয়ারম্যান হতে পারেননি। অনেকে ইউপি চেয়ারম্যান নন, হয়েছেন টাকার চেয়ারম্যান।’ মধুপুর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল হক বলেন, ‘কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছেন আমার প্রতিদ্বন্দ্বী আয়নাল হক।’ আয়নাল হক বলেন, ‘শহিদুল হক ভোটে প্রচুর টাকা খরচ করলেও সাধারণ মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে।’উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘এবার অনেক প্রার্থী বিধি লঙ্ঘন করে কয়েক গুণ বেশি টাকা খরচ করেছেন বলে শুনেছি। কোনো লিখিত অভিযোগ পাইনি। খরচের হিসাব পাওয়ার পর আমরা অভিযোগ তদন্ত করে দেখব।’ বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী সরকার বলেন, নির্বাচন উপলক্ষে টাকা দেওয়া-নেওয়া নিয়ে দাঙ্গা-হাঙ্গামার ব্যাপারে এ পর্যন্ত থানায় তিনটি মামলা হয়েছে।