ভোটারদের কাছে টাকা ফেরত চাচ্ছেন পরাজিত প্রার্থী?
ভোটের আগে দেওয়া টাকা ফেরতে চেয়ে এলাকায় ঘুরছেন এক পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী। টাকা নিয়ে যাঁরা ভোটে অংশ নেননি, তাঁদের টাকা ফেরত দিতে তিনি নির্দেশ দেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়া গত চার দিন ধরে ওই টাকা ফেরত চেয়ে এলাকায় ঘুরছেন। তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন।
উদমারা গ্রামের ওমর ফারুক ও সফিক উদ্দিন জানান, ৩১ মার্চের ভোটে সফিকুর রহমান পরাজিত হন। গত সোমবার তিনি তাঁদের গ্রামে আসেন। এ সময় কয়েকজন কর্মীর কাছে টাকা ফেরত চান। উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘যাঁরা টাকা নিয়ে ভোট করেননি বা ভোট দেননি তাঁদের টাকা ফেরত দিতে হবে। আর যাঁরা ভোট করেছেন বা দিয়েছেন তাঁদের টাকার ওপর দাবি নাই।’ নাম প্রকাশে অনিচ্ছুক কেরোয়া গ্রামের এক যুবদল কর্মী বলেন, ‘সফিক ভুঁইয়া ভোটের আগে আমাকে এক হাজাির টাকা দেন। পরাজিত হয়ে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ওই টাকা ফেরত চান।’
সোনাপুর গ্রামের এক ভোটার বলেন, ‘ভোটের তিন দিন আগে আমাকে ৫০০ টাকা দেওয়া হয়। ভোটের পরে তিনি এ টাকা ফেরত চান।’ বিএনপির সূত্রে জানা গেছে, ওই পদে নির্বাচনের জন্য সফিকুর রহমানকে স্থানীয় বিএনপি সমর্থন দেয়। সমর্থন পেয়ে তিনি বিএনপির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। একাই দু-তিনটি মাইক্রোবাস নিয়ে এলাকা ঘুরে প্রচারণা চালান। বিভিন্ন প্রতিষ্ঠানে দেন অনুদানও। কিন্তু ভোটের ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে আট হাজার ভোট কম পান।
জানতে চাইলে সফিকুর রহমান ভূঁইয়া টাকা ফেরত চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘নির্বাচনে আমার ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। পোস্টার, মাইক্রোবাস ভাড়া ও প্রচারণাতেই বেশি টাকা খরচ হয়। কাউকে নগদ টাকা খুব একটা দেওয়া হয়নি। আর কর্মী ও ভোটারদের সঙ্গে দেখা করতে আমি বিভিন্ন এলাকায় গিয়েছি।’