এই প্রথম ভোট দিয়ে পছন্দের মেয়র নির্বাচিত করতে যাচ্ছেন কুয়াকাটা পৌরবাসী। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ভোটারদের মধ্যেও যোগ্য প্রার্থী খুঁজে নিতে চলছে হিসাব-নিকাশ।
২০১০ সালের ১৮ ডিসেম্বর কুয়াকাটাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌরসভা হিসেবে ঘোষণা করে।
কুয়াকাটা পৌরসভা কার্যালয় সূত্র জানায়, ৯ দশমিক ৪ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভার লোকসংখ্যা প্রায় ৯ হাজার। নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৬ হাজার ৮৪৫ জন। পৌরসভায় মানুষের চলাচলের জন্য রয়েছে মাত্র এক কিলোমিটার পাকা সড়ক, আধা কিলোমিটার আরসিসি সড়ক, ৯ কিলোমিটার ইট বিছানো সড়ক ও কাঁচা সড়ক রয়েছে ৯ কিলোমিটার। ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া গ্রামের মজিবুর রহমান বলেন, শুধু নামেই পৌরসভা, পাকা সড়ক নেই, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা।
৭ নম্বর ওয়ার্ডের কেরানীপাড়ার রাখাইন নারী লামো রাখাইন বলেন, ‘আমরা এই কুয়াকাটার পরিচিতি আনছি। কিন্তু আমরা এখন ২৫ ঘর এখানে আছি। কিন্তু বর্ষা মৌসুমে পানি জইম্যা থাকে। আমাগো খুব কষ্টে থাকতে হয়। আমাগো কথা যে ভাববে তারেই ভোট দিমু।’
কুয়াকাটা উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক রুমান ইমতিয়াজ বলেন, কুয়াকাটা নিয়ে ভাবনার সময় এসেছে। আকর্ষণীয় স্থান হওয়ায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসতে শুরু করেছে। অপরিকল্পিতভাবে উন্নয়ন হচ্ছে। মহাপরিকল্পনা নেওয়া হলেও এখনো বাস্তবায়ন শুরু হয়নি। তাই এমন একজনকে নির্বাচিত করতে হবে যিনি কুয়াকাটাকে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলবেন।
কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও ন্যাশনাল পিপলস পার্টির মনোনয়ন নিয়ে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের আবদুল বারেক মোল্লা, বিএনপির আবদুল আজিজ মুসুল্লি, জাতীয় পার্টির মো. আনোয়ার হাওলাদার, ইসলামী আন্দোলনের মো. নুরুল ইসলাম এবং এনপিপির রাবেয়া খাতুন।