
উপজেলা সেন্টার। গোলাপগঞ্জ পৌরসভার একটি এলাকা। সেখানে পৌঁছাতেই মানুষের একাধিক জটলা চোখে পড়ে। কেউ বেঞ্চে বসে আবার কেউ বা দাঁড়িয়ে খোশগল্পে মত্ত। কেউ কেউ মাটিতে আসন গেড়ে আড্ডায় মশগুল। কেউ কেউ চায়ের ফরমাশ দিয়ে আড্ডা জমিয়ে তুলেছেন। শেষ পর্যন্ত মেয়র পদে কে জিতবেন, তাই নিয়ে আড্ডায় চলছে চুলচেরা বিশ্লেষণ।
এ দৃশ্য গতকাল সোমবার বেলা দুইটার। সেখানে আড্ডারত নয়জন ভোটারের সঙ্গে কথা হয়। তাঁদের অভিন্ন মতামত, এবার সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় নির্বাচন বিগত দুটি নির্বাচনের তুলনায় জটিল রূপ নিয়েছে। এখন পর্যন্ত কোনোভাবেই আঁচ করা যাচ্ছে না কোন প্রার্থীর অবস্থান আসলেই ভালো। তবে আওয়ামী লীগ মনোনীত জাকারিয়া আহমদ ওরফে পাপলু ও দলটির ‘বিদ্রোহী’ সিরাজুল জব্বার চৌধুরীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন তাঁরা।
এসব ভোটারের মতে, জাকারিয়া ও সিরাজুল ছাড়াও বিএনপি মনোনীত গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের সঙ্গে দুই স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন ও আমিনুল ইসলাম রাবেলও জোরেশোরে আলোচনায় রয়েছেন। এ ছাড়া মেয়র পদে জাতীয় পার্টি মনোনীত মো. সুহেদ আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামও নির্বাচনী প্রচারণা শেষ করেছেন।
গতকাল বেলা দেড়টা থেকে পৌনে তিনটা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক ভোটারের সঙ্গে কথা হয়। তাঁদের অধিকাংশেরই ভাষ্য, সৎ, মেধাবী, গ্রহণযোগ্য ও উন্নয়নে বিশ্বাসী প্রার্থীকেই তাঁরা ভোট দেবেন। আর এ কারণেই শেষ মুহূর্তে এসে প্রতিদ্বন্দ্বী সাত প্রার্থীর পারিবারিক ও সামাজিক অবস্থার চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। শেষ পর্যন্ত যোগ্য প্রার্থীকেই তাঁরা ভোট দেবেন বলে জানিয়েছেন।
সরস্বতী এলাকার বাসিন্দা জয়নাল উদ্দিন (৪০) বলেন, ‘আবেগতাড়িত হয়ে নয়, যে ভালো মানুষ, তাঁকেই ভোট দেব।’ দাড়িপাতন এলাকার ভোটার গৃহিণী দিলারা বেগম (৫০), রাজিয়া বেগম (৪৮) ও মনারা বেগম (৫২) জানান, তাঁরা বুঝেশুনে উন্নয়নে আন্তরিক ব্যক্তিকেই ভোট দিতে চান।
দাড়িপাতন এলাকার বাসিন্দা ব্যবসায়ী আল আমিন (৪৮) বলেন, ‘মানুষ প্রতীক নয়, ভোট দেবে ব্যক্তি দেখে। যে ব্যক্তির গ্রহণযোগ্যতা বেশি, তিনিই এবার ভোটে জয়লাভ করবেন।’ ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার রিকশাচালক সুমন আহমদ (৩০) জানান, ভোটের আগে যাচাই-বাছাই করে পরিস্থিতি যাঁর অনুকূলে দেখবেন, তাঁকেই ভোট দেবেন।
গতকাল নির্বাচনী প্রচারণার শেষ দিন হওয়ায় প্রার্থীদের কর্মী-সমর্থকেরা শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। নৌকা ও ধানের শীষ প্রতীকের পাশাপাশি মোবাইল ফোন, খেজুরগাছ ও জগ প্রতীকের প্রচারণা ছিল লক্ষণীয়। বেলা দুইটার পর থেকে নৌকার সমর্থনে একাধিক এলাকায় মাইকযোগে প্রচারণা চালানো হয়। অন্যদিকে বেলা তিনটার দিকে মোবাইল ফোন প্রতীকের সমর্থনে শহরের কদমতলী এলাকায় আচরণবিধি ভঙ্গ করে মিছিল বের করা হয়।