ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম পৌর নির্বাচনে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার সময় শাহাদত হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। আটককালে তাঁর হাতে ৫ হাজার ৪০০ টাকার বিভিন্ন নতুন নোট ছিল। তিনি ওই পৌরসভার টিকাদান সহকারী বলে জানা গেছে।
থানা-পুলিশ ও স্থানীয় জনগণের ভাষ্যমতে, গত শনিবার রাত ১২টার দিকে নন্দীগ্রাম পৌরসভার ওই কর্মচারী ও তাঁর দুই সহযোগী আবদুর রাজ্জাক ও অজ্ঞাত এক নারী পৌর এলাকার তালপুকুর মহল্লার বিএনপির মেয়রপ্রার্থী সুশান্ত কুমার শান্তর পক্ষে ভোটারদের টাকা দিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ ১০০ টাকার ৫৪টি নতুন নোটসহ শাহাদত হোসেনকে আটক করে। অবস্থা বেগতিক দেখে তাঁর সঙ্গে থাকা অন্য দুজন পালিয়ে যান।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল প্রথম আলোকে বলেন, ধানের শীষের প্রার্থী ও পৌরসভার বর্তমান মেয়র সুশান্ত কুমার শান্তর পক্ষে ভোট কেনার সময় টাকাসহ পৌরসভার ওই কর্মচারীকে আটক করে জনগণ। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার টিকাদান সহকারী হলেও শাহাদত হোসেন এত দিন মেয়র সুশান্ত কুমারের মোটরসাইকেলচালক হিসেবে কাজ করে আসছিলেন। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই শাহাদত হোসেন মেয়রের সঙ্গে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে আসছেন।
সুশান্ত কুমার শান্ত বলেন, ‘শাহাদাত হোসেন আমার সঙ্গে ধানের শীষের কোনো প্রচারণায় অংশ নেননি। তাঁর এলাকায় দুজন কাউন্সিলর প্রার্থীর মধ্যে বিরোধের জের ধরে পৌরসভার ওই কর্মচারীকে টাকা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।’