ভোটারদের দাবি জলাবদ্ধতা নিরসনে তিনটি খাল খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা নির্বাচন সামনে রেখে প্রার্থীদের কাছে ভোটাররা জলাবদ্ধতা দূর করতে পংখীরাজ খালসহ তিনটি খাল খননের দাবি জানিয়েছেন।
পৌর এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে পংখীরাজ খাল বাগমুছা থেকে ষোলপাড়া হয়ে মেনীখালী নদে গিয়ে মিলেছে। পাঁচ বছর ধরে স্থানীয় দখলদারেরা খালের দুই পাশ মাটি দিয়ে ভরাট করে পাকা ও আধাপাকা ভবন নির্মাণ করেছে। এতে খালটির বেশির ভাগ জায়গা দখল হয়ে গেছে। ফলে সরু এ খাল দিয়ে পানি সরতে পারছে না। এতে প্রতিবছর বর্ষা মৌসুমে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ষোলপাড়া, জয়রামপুর, বানীনাথপুর, লাহাপাড়া, বাগমুছা, ভট্টপযুর, উত্তর ষোলপাড়াসহ ১০ গ্রামের মানুষ জলাবদ্ধতার কবলে পড়ে ভোগান্তির শিকার হচ্ছে।
জয়রামপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুরোনো এ খালটি খনন প্রয়োজন। ষোলপাড়া গ্রামের বাসিন্দা মজিবুর রহমান ও নাসিমা বেগম বলেন, ‘পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছে আমাদের প্রধান দাবি এ খাল খনন করে জলাবদ্ধতার হাত থেকে আমাদের রক্ষা করা। যে প্রার্থী আমাদের এ প্রতিশ্রুতি দেবেন, আমরা তাঁকেই ভোট দেব।’
এ ছাড়া প্রার্থীদের কাছে তাঁরা গোয়ালদী-তাজপুর খাল ও টিপুরদী-বাড়ীমজলিশ খালও খননের দাবি জানিয়েছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর তারা ওই খাল দখলের সঙ্গে জড়িত ৬৫ জনের নামের তালিকা জেলা প্রশাসকের কাছে দিয়েছে। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে রাব্বী বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রথম কাজ হবে খালগুলো উদ্ধার করে জলাবদ্ধতা দূর করা।’
বিএনপির মেয়র প্রার্থী মোশারফ হোসেন বলেন, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে খালগুলো খনন করা হবে। বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সাদেকুর রহমান বলেন, ‘জলাবদ্ধতা দূর করতে ইতিমধ্যে খালগুলো খনন ও নালা নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। আবার নির্বাচিত হলে এ কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব।’
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, পৌরসভার খালগুলো উদ্ধার করতে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে।