ভোটারদের দ্বারে সম্ভাব্য প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণার আগেই সিলেটে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। নেতাদের কেউ কেউ মিছিল-সমাবেশও করছেন। এতে ভোটাররাও উৎসুক।
বিভিন্ন রাজনৈতিক দলের সূত্রে জানা গেছে, সিলেট জেলার ছয়টি আসনে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের অবস্থান যাচাই করছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীর নেতারা ছাড়াও সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন প্রবাসী ও ব্যবসায়ী। অনেকে পোস্টার সাঁটিয়ে ও ব্যানার, বিলবোর্ড টাঙিয়ে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার বলেন, বিএনপি একটি বড় দল। প্রচারপিয়াসী অনেকেই এখন প্রচারণা চালাচ্ছেন। যদিও মনোনয়ন পেতে পারেন—এমন নেতারা এখনো সেভাবে প্রচারণায় নামেননি। এ ছাড়া নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা বিএনপির একেবারেই নেই।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেকোনো নির্বাচনই নিরাপদ। এই বিশ্বাস ও আস্থা থেকেই সব কটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা প্রচারণা চালাচ্ছেন।
সিলেট-১ (মহানগর-সিলেট সদর): এ আসনের সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবারও প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত প্রার্থী সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। এ ছাড়া বিএনপির মনোনয়নের জন্য মাঠে নেমেছেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও সাবেক সাংসদ খন্দকার আবদুল মালিকের ছেলে খন্দকার আবদুল মুক্তাদির।
সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর): বর্তমান সাংসদ শফিকুর রহমান চৌধুরী এবারও প্রার্থী হতে ইচ্ছুক। তাঁর পাশাপাশি আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে গণসংযোগ চালাচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী ও ভাই আসকির আলীর নাম শোনা যাচ্ছে। এ আসনে সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকের পক্ষেও প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া জাতীয় পার্টি, জামায়াত ও খেলাফত মজলিসের কয়েকজন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ): সরকারদলীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী এবারও এই আসনের প্রার্থী হতে চান। যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমানও প্রার্থী হওয়ার জন্য কাজ শুরু করছেন। বিএনপির সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী ছাড়াও যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি কাইয়ুম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আবদুস সালাম এই আসনে প্রার্থিতা ঘোষণা করে গণসংযোগ করছেন।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ): আওয়ামী লীগের সাংসদ ইমরান আহমদ ছাড়াও যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ এই আসন থেকে নির্বাচন করতে চান। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শামসুজ্জামান। তা ছাড়া এ আসন থেকে জামায়াতের নেতা জয়নাল আবেদীন ও জাতীয় পার্টির কয়েকজন নেতা নির্বাচন করতে ইচ্ছুক।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ): আওয়ামী লীগের সাংসদ হাফিজ আহমদ মজুমদার ছাড়াও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আবদুল মুমিন চৌধুরী প্রার্থী হতে ইচ্ছুক। জামায়াতের সাবেক সাংসদ মো. ফরিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা মামুনুর রশীদ, জাতীয় পার্টির নেতা জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমদ ও আল-ইসলাহ নেতা হুসাম উদ্দিন চৌধুরী এ আসন থেকে নির্বাচন করতে চান।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার): আওয়ামী লীগের সাংসদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারও এই আসনের প্রার্থী হবেন বলে জানা গেছে। বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা রশিদ উদ্দিন চৌধুরী এ আসনে নির্বাচন করতে চান। এ ব্যাপারে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম এজহারুল হক বলেন, ‘তফসিল ঘোষণার আগে প্রার্থীদের আগাম প্রচারণার খবর নিয়মিতই পাচ্ছি। তবে নির্বাচন কমিশনের কোনো ধরনের নির্দেশনা না থাকায় এটি দেখভাল করা আমাদের পক্ষে সম্ভব নয়।’