ভোটারদের নিরাপদে বাড়ি ফিরতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে সব রকমের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী। গতকাল রোববার নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় তিনি এ নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত এই সভায় নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতাকালে তিনি প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘প্রত্যেক ভোটার নিরাপদে বাড়ি থেকে ভোটকেন্দ্রে এসে যেন বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে আপনারা সব রকম ব্যবস্থা নেবেন। দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে সন্ধ্যার আগেই ভোট গণনা শেষ করবেন।’
জাবেদ আলী আরও বলেন, ‘প্রার্থীদের মনে রাখতে হবে, তাঁরা একই দেশের নাগরিক। তাঁরা পরস্পর প্রতিদ্বন্দ্বী, শত্রু নন। আমরা যেন তাঁদের সবার প্রতি সমান আচরণ করি। কাউকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নাই। এ নির্বাচনে দেশ-বিদেশের সাংবাদিক ও পর্যবেক্ষকেরা থাকবেন। আপনারা সেভাবেই নিজেদের পরিচালিত করবেন।’
প্রসঙ্গত, প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি বিভিন্ন উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় নাটোরেও উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।