ভোটারদের বের করে ব্যালট পেপারে সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তরে ১৯ নম্বর ওয়ার্ডে জামিয়া মোহাম্মদীয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের বের করে কেন্দ্রের গেট আটকে দিয়ে সরকারদলীয় সমর্থক প্রার্থীদের ব্যালট পেপারে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

সকাল থেকেই ওই ভোটকেন্দ্রে ভোটারদের বড় লাইন দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে দুপুর পর্যন্ত ভোটারদের অপেক্ষা করানো হয়। ভেতরে বুথ খালি থাকলেও ভোটারদের ছাড়া হয়নি। দুপুর দুইটার দিকে ভোটারদের বের করে দিয়ে গেট আটকে দেওয়া হয়।

ওই কেন্দ্রে মোট ৩০টি পোলিং বুথ রয়েছে। এসব বুথে কাপড়ের আড়ালে গিয়ে সরকার সমর্থিত দলীয় প্রার্থীদের এজেন্টরা ব্যালট পেপারে সিল মারতে থাকে। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশরা সিল মারার কাজে তাদের সহযোগিতা করেন। অনেকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে।

যখন ব্যালট পেপারে সিল মারা হচ্ছিল তখন অন্য একটি কক্ষে পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার সবাইকে একটি কক্ষে ঢোকানো হয়। তারা সেখানেই বসেছিলেন।

ভোটকেন্দ্রে যখন এসব ঘটনা ঘটছিল তখন কর্তব্যরত পুলিশকে বলতে শোনা যায়, এখানে কোনো অসুবিধা নাই।