ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন স্থানে সরকারি দলের লোকজন প্রশাসনের সহায়তায় ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, সরকার-সমর্থকেরা ১৮ দল-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে এবং প্রশাসনও অনিয়ম করছে।

এসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে ঢাকায় নির্বাচন কমিশনকে জানিয়েছে বিএনপি। তবে এখন পর্যন্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে কমিশন জানিয়েছে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেয় কমিশন।

আজ দুপুর ১২টার দিকে বিএনপিদলীয় সাংসদদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যায়। সাংসদ বরকত উল্লা নির্বাচন কমিশনার আবদুল মোবারকের কাছে অভিযোগ করেন, খুলনার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএনপির সমর্থকদের মারধর করছেন এবং পুলিশের একজন সাবেক উপমহাপরিদর্শকের (ডিআইজি) স্ত্রী প্রভাব খাটাচ্ছেন। বরিশালে ১৮টি কেন্দ্রে ১৮ দল-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সিলেটের সদর উপজেলার চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন এবং রাজশাহীতেও সরকার-সমর্থকেরা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এ সময় নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, এসব অভিযোগের ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হবে। অভিযোগ সঠিক হলে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট করে দেওয়া কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের সত্যতা পায়নি কমিশন। কমিশনের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, অভিযোগ ছিল, বরিশালের ১৩ ওয়ার্ডের ৪৫ ও ৯৩ নম্বর কেন্দ্র থেকে আহসান হাবিবের চারজন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তদন্ত করে দেখা গেছে, চারজন এজেন্টের তিনজন উপস্থিত আছেন। আরেকজন সকাল থেকে অনুপস্থিত। ২৯ নম্বর ওয়ার্ডের ৯৫ নম্বর কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে, এজেন্টদের পাঁচজনই উপস্থিত রয়েছেন।

অভিযোগ জানাতে যাওয়া প্রতিনিধিদলে বিরোধীদলীয় ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দীন চৌধুরী, সাংসদ বরকত উল্লা, মাহবুব উদ্দিন, আবুল খায়ের ভূইয়া, সৈয়দা আসিফা আশরাফীসহ দলীয় সাংসদেরা রয়েছেন। তাঁরা এখনো কমিশন কার্যালয়ে অবস্থান করছেন।

শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, চার সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ ১৮ দলের সমর্থকদের নানা ভয়ভীতি দেখাচ্ছে। এ ক্ষেত্রে প্রশাসন, থানাও নানা অনিয়ম করছে। এসব বিষয়ে কমিশন যাতে দ্রুত ব্যবস্থা নেয়, তা জানাতে বিএনপির প্রতিনিধিদল কমিশনে গিয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি স্থানীয় নির্বাচন হলেও বিরোধী দল হিসেবে যেসব অভিযোগ তাঁরা পেয়েছেন, তা নির্বাচন কমিশনকে জানানো তাঁদের নৈতিক দায়িত্ব। তা ছাড়া এই নির্বাচনে ১৮ দল থেকে প্রার্থীদের সমর্থন জানানো হয়েছে।

এর আগে আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেটের বিভিন্ন কেন্দ্রে ১৮ দল-সমর্থিত প্রার্থীদের ভোটারদের নানা ভয়ভীতি দেখানো হচ্ছে। অনেক জায়গায় পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও পুলিশ ও র্যাব বিএনপির নেতাদের মারধর করছে।