ভোটারদের ভোট দিতে যেতে না দেওয়ার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের ও তাঁদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোরের বিএনপিদলীয় সাতজন চেয়ারম্যান প্রার্থী যৌথভাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন। জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নাটোর সদর উপজেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ। সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান আলী প্রমুখ।
রহিম নেওয়াজ বলেন, শনিবার (২৩ এপ্রিল) সদর উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অথচ আওয়ামী লীগের প্রার্থী ও নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীদের প্রচারণায় নামতেই দেননি। তাঁদের হুমকির মুখে বিএনপির সাধারণ কর্মী-সমর্থকেরা দলের প্রার্থীর সঙ্গে দেখা করতেও ভয় পাচ্ছেন।