ভোটারদের মধ্যে টাকা বিলি, সংখ্যালঘুদের হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সামনে রেখে বিভিন্ন এলাকায় প্রার্থীরা দরিদ্র ভোটারদের মধ্যে টাকা বিলি, সংখ্যালঘুদের হুমকি-ধমকি, স্কুলছাত্রদের প্রচারণার কাজে ব্যবহার, মোটরসাইকেল মহড়াসহ বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন ইউপির চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।উপজেলা প্রশাসন ও অংশগ্রহণকারীদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত। এ ছাড়া সভায় উপজেলার ছয়টি ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় ৩০০ চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন। সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা পর্যন্ত সভা চলে। সভাটি সঞ্চালনা করেন জুড়ীতে অতিরিক্ত দায়িত্বে থাকা বড়লেখার উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান।সূত্র জানায়, পূর্ব জুড়ী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান তাঁর বক্তব্যে অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী সালেহ উদ্দিন আহমদের কর্মী-সমর্থকেরা এলাকায় মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। অপরিচিত লোকজনের আনাগোনো বেড়েছে। পশ্চিম জুড়ীর চেয়ারম্যান পদপ্রার্থী শ্রীকান্ত দাশ বলেন, ‘ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কয়েকটি জায়গায় সংখ্যালঘুদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’জায়ফরনগরের চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন অভিযোগ করেন, তাঁর কর্মীদের প্রচারণা না চালাতে হুমকি দেওয়া হয়েছে। একই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নজমূল ইসলাম অভিযোগ করেন, দরিদ্র পরিবারের স্কুলগামী শিক্ষার্থীদের নগদ ১০০-২০০ টাকা দিয়ে প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছে। সে কারণে ওই শিক্ষার্থীরা স্কুল কামাই করছে। ফুলতলার চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদ বলেন, ‘প্রতিদিন রাতের বেলা বাড়ি-বাড়ি গিয়ে গরিব লোকজনের মধ্যে নগদ টাকা বিতরণ চলছে।’ গোয়ালবাড়ীর চেয়ারম্যান পদপ্রার্থী শাহাব উদ্দিন আহমদ অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে প্রচারপত্র ছাপিয়ে এলাকায় বিলি করা হয়েছে। প্রার্থীদের বক্তব্য শুনে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন।