ভোটারদের মধ্যে টাকা লুঙ্গি শাড়ি বিস্কুট বিতরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে কৌশলে ও গোপনে টাকা, লুঙ্গি, শাড়ি, বিস্কুট ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণের অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, নির্বাচন কমিশনের কড়াকড়ির কারণে প্রার্থীদের প্রকাশ্য তৎপরতায় আগের মতো জাঁকজমক নেই। কিন্তু টাকা দিয়ে ভোট কেনার পুরোনো প্রচেষ্টা থেমে নেই। তবে এবার নতুন করে যোগ হয়েছে খাদ্যসামগ্রী দেওয়া। এ জন্য এবার সাধারণ প্রার্থীদের কর্মীরা এলাকায় এলাকায় পাহারা বসিয়েছেন। ১২ জুন উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন হবে।লাকসাম পূর্ব ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নুরুন নবী চৌধুরী অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ ওরফে বিস্কুট কালাম লাকসামে একটি বিস্কুট কারখানার মালিক। তিনি এলাকার গরিব ও অসহায় ভোটারদের প্রভাবিত করতে গোপনে টাকা, শাড়ি, লুঙ্গির পাশাপাশি বিস্কুটও বিতরণ করছেন। একই অভিযোগ করেন, অপর চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকির হোসেন পণ্ডিত। তবে এ অভিযোগ অস্বীকার করে আবুল কালাম বলেন, ‘আমাকে হেয় করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অপপ্রচার চালাচ্ছেন।’কান্দিরপাড় ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী নূর হোসেন বলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মজির আহমদ তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোহর আলী তোতার পক্ষে দুস্থ ও অসহায় ভোটারদের প্রভাবিত করতে গোপনে টাকা দিচ্ছেন। একই কথা বললেন, উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অলি উল্লাহ। তিনি বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোনায়েম হোসেন ভূঁইয়ার পক্ষে উপজেলা চেয়ারম্যান এলাকার দিনমজুর, গরিব, বিত্তহীন ভোটারদের প্রভাবিত করতে গোপনে টাকা বিলি করছেন। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মজির আহমদ বলেন, ‘আমি নির্দলীয় প্রার্থীর পক্ষে।’ তাঁর পছন্দের প্রার্থীদের পক্ষে গোপনে টাকা বিলির অভিযোগ অস্বীকার করে মজির আহমদ বলেন, ‘আমি আগে পৌরসভার মেয়র ছিলাম, এখন উপজেলা পরিষদ চেয়ারম্যান। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষ আমার কাছে আসেন। তাঁদের বিভিন্নভাবে সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, টাকা দিয়ে যেন কোনো প্রার্থী ভোট কিনতে না পারে, সে জন্য প্রশাসন তৎপর রয়েছে। এ ছাড়া ইউনিয়নগুলোতে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।