কয়েকটি দেশীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা বলেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। এর কারণ, নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে ভয়ভীতি বেশি থাকা। বিশেষ করে নারী ও সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। একটি সংস্থা বলেছে, বাংলাদেশে উৎসাহ-উদ্দীপনামূলক নির্বাচনের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, গতকালের নির্বাচনের মধ্য দিয়ে তা ম্লান হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ‘জানিপপ’-এর চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ প্রথম আলোকে বলেন, শুরুর দিকে ভোটার উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম ছিল। পরে বেলা বাড়ার পর সংখ্যা কিছুটা বাড়ে। তবে ভোটারদের মধ্যে ভয়ভীতির মাত্রা বেশি থাকা কম উপস্থিতির কারণ। বেসরকারি সংগঠন ‘ব্রতী’র নির্বাচন পর্যবেক্ষণ সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধী দলের নির্বাচন বর্জন, অবরোধ, হরতাল, নির্বাচনবিরোধী প্রচারণা আর প্রতিরোধের কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা প্রশ্নে নারী ও সংখ্যালঘু ভোটারদের অংশগ্রহণ ছিল সর্বনিম্ন। যশোরের মনিরামপুরে ভোট বর্জনকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট না দিতে হুমকি দেয়। ঢাকায় তেমন কোনো সহিংসতা না ঘটলেও ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক কম।