ভোটারদের মধ্যে শঙ্কা-উৎকণ্ঠা
বগুড়ার গাবতলী পৌরসভায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা-আতঙ্ক ও উৎকণ্ঠা তত বাড়ছে।
পৌরসভার বিভিন্ন মহল্লা ঘুরে নানা শ্রেণি-পেশার ভোটারের সঙ্গে কথা বলে এই শঙ্কার কথা জানা গেছে।
পৌরসভার দাঁড়ইল বাজারে কথা হয় গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আমজাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ভোটের দিন যত সামনে আসিচ্চে তত ভয় লাগিচ্চে। ভয়ে বাজারত থ্যাকপার পারি না।’ বাজারের মুরগি ব্যবসায়ী সজীব হোসেন বলেন, ‘কোনো দল করি না। অথচ ৫ জানুয়ারির নির্বাচনের পর হামার জীবনে বিভীষিকা নেমে এল।’
বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু ভোট হলে এখানে ধানের শীষের জয় কেউ ঠেকাতে পারবে না।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী মোমিনুল হক বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে। নৌকা মার্কার প্রার্থী মেয়র হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে।