বগুড়ার গাবতলী পৌরসভায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা-আতঙ্ক ও উৎকণ্ঠা তত বাড়ছে।
ভোটারদের আশঙ্কা ভোট সুষ্ঠু না হলে সাধারণ মানুষ ঝামেলায় পড়বে। গত মঙ্গলবার গাবতলী পৌরসভার বিভিন্ন মহল্লা ঘুরে নানা শ্রেণি-পেশার ভোটারের সঙ্গে কথা বলে এই শঙ্কার কথা জানা গেছে।
দুই দল সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৫ বছর পর নৌকার সঙ্গে ধানের শীষের ভোটযুদ্ধ হতে যাচ্ছে এখানে। সর্বশেষ ২০০১ সালে নৌকা-ধানের শীষ প্রতীকে ভোট হয়। দীর্ঘদিন পর দুই প্রতীকের মধ্যে আবারও ভোটের লড়াইকে কেন্দ্র করে উৎসব-আমেজেরও কমতি নেই।
ভোটারদের আশঙ্কা, এবারের পৌর নির্বাচনে সরকারদলীয় প্রার্থীকে জেতাতে আওয়ামী লীগ প্রভাব খাটানোর চেষ্টা করলে ভোট বর্জন করতে পারে বিএনপি। এতে সংঘাত অনিবার্য। তাঁরা অভিযোগ করেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর এলাকায় ব্যাপক গণগ্রেপ্তার চালানো হয়। পুলিশের ভয়ে তখন মাসের পর মাস পুরুষশূন্য ছিল অনেক এলাকা।
মঙ্গলবার সকালে পৌরসভার দাঁড়ইল বাজারে কথা হয় গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আমজাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ভোটের দিন যত সামনে আসিচ্চে। তত ভয় লাগিচ্চে। আওয়ামী লীগের লোকজন কচ্চে লিস্টি হচ্চে। ভয়ে একন বাজারত থ্যাকপার পারি না।’
বাজারের মুরগি ব্যবসায়ী সজীব হোসেন বলেন, ‘কোনো দল করি না। অথচ ৫ জানুয়ারির নির্বাচনের পর হামার জীবনে বিভীষিকা নেমে এল। বিলের ঠান্ডা পানিত সারা রাত কাটাচি।’
জয়ভোগা মহল্লার বাসিন্দা দুলু মিয়া বলেন, ‘ভোটের কতা শুনে ভয় লাগিচ্চে। ভোট লিয়ে গন্ডগোল হলেই গ্রামত পুলিশ অ্যাসে দাবড়া-দাবড়ি করবি।’
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পৌরসভার দাঁড়ইল বাজারে ৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছিলেন বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম। তিনি বলেন, পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীই যোগ্য, পরিচ্ছন্ন, সৎ ও জনদরদি। কিন্তু এবারের নির্বাচন প্রার্থীর যোগ্যতা দেখে হবে না। ভোট হবে ধানের শীষ ও নৌকা প্রতীক দেখে। সুষ্ঠুভাবে ভোট হলে এখানে ধানের শীষের জয় কেউ ঠেকাতে পারবে না।
এদিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া মহল্লায় বাসায় বাসায় গিয়ে ভোট চাচ্ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মোমিনুল হক। তিনি বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে। নৌকা মার্কার প্রার্থী মেয়র হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে।