ভোটারদের মন জয়ে ‘অ্যাওয়ার্ড প্রচারণা’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা, সমাজসেবা, গুণীজনসহ নানা বিষয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ পদক বা অ্যাওয়ার্ড নিয়ে তাঁরা এলাকায় ফিরছেন। পদক গ্রহণের ছবি বিজ্ঞাপন দিয়ে ছাপছেন স্থানীয় পত্রিকায়। কেউ বা আবার ছবি দিয়ে পোস্টার, ক্যালেন্ডার ছাপিয়ে এলাকার ভোটারদের এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বিলি করছেন। কক্সবাজারের রামু উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে এ ধরনের পদক গ্রহণের হিড়িক পড়েছে। ভোটাররা বলছেন, ভোটারদের মন জয় করতে ‘অ্যাওয়ার্ড লাভ’ নতুন কৌশল। ক্যালেন্ডার, পোস্টার, স্থানীয় পত্রিকায় ছাপানো বিজ্ঞাপন দেখে এবং সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ফতেখাঁরকুল (সদর) ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী (বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ফরিদুল আলমকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেয় জার্নালিস্ট ফর ওয়েলফেয়ার নামের ঢাকার একটি সংগঠন। একই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টোকে সমাজসেবা ও শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ পেট্টিয়টিক ইয়ূথ ফোরাম এবং রাজারকুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাফর আলম চৌধুরীকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ও সফল চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ পেট্টিয়টিক ইয়ূথ ফোরাম এবং সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পৃথক দুটি পদক দেয়।সম্ভাব্য পদপ্রার্থী আবদুর রহিম পেয়েছেন বাংলাদেশ স্বাধীনতা সংসদ পদক। এ ছাড়া কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ মিয়া মাস্টার, রশিদনগর ইউনিয়নের মৌলানা জাফর আলমসহ অনেকেই এ রকম পদক পান। সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টো বলেন, টাকার বিনিময়ে নয়, তরুণ সমাজসেবক এবং শিক্ষায় অবদানের জন্য তাঁকে স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি এ পদক তুলে দেন। ফরিদুল আলম বলেন, সমাজসেবায় অবদানের জন্য গত ২২ আগস্ট ঢাকার রাজধানী ঈশা খাঁ রাজমণি মিলনায়তনে তাঁকে পদক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। রাজারকুল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহিম বলেন, সমাজসেবায় অবদানের জন্য আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তাঁর হাতে পদক তুলে দেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকাকেন্দ্রিক কিছু ভুইফোঁড় সংগঠন যোগ্যতার বিচার-বিশ্লেষণ না করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সমাজের বিতর্কিত ব্যক্তিদের হাতেও পদক তুলে দিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সম্ভাব্য পদপ্রার্থীদের পদক লাভের বিষয়টি অনেকের মুখে শুনেছি। তবে কিসের ভিত্তিতে তাঁরা পদক পেয়েছেন বিষয়টি আমি অবগত নই।’ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রামু উপজেলার ১১টি ইউনিয়নে ২৫ জুন এবং ২৮ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।