ভোটারদের মারধরের অভিযোগে যুবদলের তিন কর্মীকে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর গ্রামে ভোট দিতে যাওয়া তিন ভোটারকে মারধর ও অন্য ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে যুবদলের তিন কর্মীকে পিটিয়ে পুলিশে দিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় কর্মীরা।
এদিকে নির্বাচনের পর বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
সীতাকুণ্ড তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ চৌধুরী অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্রে না যাওয়ায় সীতাকুণ্ডের লালানগর গ্রামের তরুণ দলের নেতা মো. শাকিব, যুবদলের কর্মী ইয়াছিন, সালাম ও নজরুলের বাড়িঘর ভাঙচুর, হোসেন মোল্লার দোকান ভাঙচুর ও লুটপাট চালান যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা যুবদলের কর্মী ইয়াছিন, সোহান ও নাজিমকে বেধড়ক পিটিয়ে থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন অভিযোগ করে বলেন, ‘ভোট দিয়ে বাড়িতে ফেরার সময় তিন ভোটারকে মারধর করে ও অন্য ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন যুবদলের ওই তিন কর্মী।’
যুবদলের তিন কর্মীকে পুলিশে সোপর্দের বিষয়টি স্বীকার করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ওই ইউনিয়নের চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে বলেন, তিন যুবকই বিভিন্ন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও ভোটারদের মারধর করেছেন। ওই এলাকার কেন্দ্রে হামলার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।