ভোটারদের যত ভয় জাহাঙ্গীরকে নিয়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু মাঠে রেখে দেন তাঁর ছেলেকে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছেলেকে জয়ী করতে সশস্ত্র মহড়া দিয়ে পুরো মুরাদনগর উপজেলা দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। তাঁর প্রভাব নিয়েই ভোটারদের যত ভয়-উৎকণ্ঠা। মুরাদনগরের বিভিন্ন এলাকা ঘুরে এমন সংশয়ের খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসন বলছে, ভোটের রাজনীতিতে মুরাদনগর ঝুঁকিপূর্ণ এলাকা। তাই সেখানকার ভোটকেন্দ্রের ভেতরে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।
জানা গেছে, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনজন প্রার্থী রয়েছেন। এর মধ্যে মহাজোটের মনোনীত জাতীয় পার্টির একজন ও দুজন স্বতন্ত্র প্রার্থী আছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। তাঁরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুন এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীর আলমের ছেলে আহসানুল আলম। ইউসুফ আবদুল্লাহ আনারস ও আহসানুল আলম ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন। অন্যদিকে লাঙ্গল প্রতীকের মহাজোটের প্রার্থী আক্তার হোসেনের তেমন কোনো প্রচারণা নেই। এ অবস্থায় আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যেই নির্বাচনী উত্তাপ রয়েছে। আর এতে নেপথ্য থেকে জাহাঙ্গীর আলমের ছেলেকে সহযোগিতার অভিযোগ উঠেছে বিএনপিদলীয় বর্তমান সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থকদের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও যুবদলের একাধিক কর্মী দাবি করেন, মুরাদনগরে ইউসুফ আবদুল্লাহর প্রভাব রয়েছে। তাই দাদার (সাংসদ কায়কোবাদ) অনুসারীরা তাঁর বিরুদ্ধে তৎপর রয়েছেন। এ ব্যাপারে কায়কোবাদের ঘনিষ্ঠজন কামাল হোসেন ভূঁইয়া ও মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হকের মুঠোফোনে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, ‘জাহাঙ্গীর আলমের সন্ত্রাস নিয়ে ভোটাররা শঙ্কিত। তিনি বিএনপিদলীয় সাংসদের অনুসারীদের সঙ্গে একজোট হয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তবে ত্যাগী নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের নিয়েই আমি নির্বাচনে রয়েছি।’
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, কায়কোবাদের সঙ্গে যোগসাজশ করেই জাহাঙ্গীর আলম মুরাদনগরে রাজনীতি করেন। ফলে ছয়বার সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েও তিনি জয়ী হতে পারেননি। এবার নিজের ছেলেকে নামিয়েছেন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচন এলে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমে পড়ে। ছেলের বিজয় রুখতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’