বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে দু-একটি বাদে শহর এবং গ্রামের কোনো কেন্দ্রেই ভোটারদের সারি চোখে পড়েনি।
বগুড়া শহরের নারুলী উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ভোটারের মধ্যে সকাল নয়টা পর্যন্ত প্রথম ঘণ্টায় ভোট দেন মাত্র ২০ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ে শ খানেক। একই চিত্র দেখা যায় পাশের নারুলী উচ্চবিদ্যালয় পুরুষ ও নারী কেন্দ্রেও। বেলা ১১টা পর্যন্ত ১০ শতাংশেরও কম ভোট পড়ে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে। ২০ শতাংশেরও কম ভোট পড়ে ঠনঠনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট্রাল হাইস্কুল, পিটিআই স্কুল, প্রি-ক্যাডেট নার্সারি ও হাইস্কুলসহ শহরের অন্তত ২০টি ভোটকেন্দ্রে। দিনভর শহরের ৭৩টি কেন্দ্রের চিত্রই ছিল এ রকম। দু-একজন করে ভোটার এসেছেন এবং ভোট দিয়ে চলে গেছেন। এ ছাড়া গ্রামের কেন্দ্রগুলোর মধ্যে দু-একটি কেন্দ্র বাদে প্রায় সব কেন্দ্রই ছিল ভোটারশূন্য। কোথাও ভোটারদের সারি দেখা যায়নি। বেলা একটায় শেখেরকোলা ইউনিয়নের ভান্ডারপাইকা শেখ মুজিব উচ্চবিদ্যালয় কেন্দ্রও ছিল ভোটারশূন্য।
তবে প্রিসাইডিং কর্মকর্তা ডি এম সাকাওয়াৎ হোসেন বলেন, এ পর্যন্ত সাড়ে বারো শ ভোট পড়েছে। ভোট দেখতে আসা বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলী আজগর হেনা বলেন, দু-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষুম হচ্ছে। পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা গোপালবাড়ী গ্রামের গৃহবধূ মরিয়ম বিবি বলেন, ‘জামাতি লোকেরা কচ্চে, তারকেরে প্রার্থীক ভোট দিলে সাঈদী মুক্তি পাবি। তারকেরে কথামতো ভোট দিচি।’ বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন বলেন, সাঈদী সাহেবকে নিয়ে দলীয়ভাবে এ ধরনের অপপ্রচার চালানো হয়নি, তবে কেউ বিচ্ছিন্নভাবে এই গুজব ছড়াতে পারে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘ভোটারদের উপস্থিতি দেখে আমি নিজেও হতবাক হয়েছি। ১২৫টি কেন্দ্রে শতভাগ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পরও সেভাবে ভোটার উপস্থিতি চোখে পড়েনি।’
ভোটার, প্রার্থী, রাজনৈতিক দলের নেতা, পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তাঁদের কেউ মনে করেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরুর পর থেকে জামায়াত-শিবিরের সঙ্গে একজোট হয়ে বিএনপি বগুড়ায় যে সহিংসতা চালায়, তাতে সাধারণ ভোটাররা বিরক্ত। ভোট নিয়েও ছিল উৎকণ্ঠা। এ কারণে শহরের ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে কোনো আগ্রহ ছিল না। অনেকের মতে, উপজেলা পরিষদের সাম্প্রতিক নির্বাচন নিয়ে সারা দেশে ক্ষমতাসীনদের বিতর্কিত ভূমিকায় ভোটে আগ্রহ হারিয়ে ফেলেছেন ভোটাররা। এ ছাড়া গতকাল সকাল থেকেই প্রখর রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে গরমের মাত্রা। এ কারণে ভোগান্তি এড়াতে ভোটাররা ভোটকেন্দ্রে যাননি বলে অনেকে মনে করেন।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খান বলেন, ‘ভোটার উপস্থিতির চিত্র দেখে হতাশ হয়েছি। কোথাও ছিল না উৎসবের আমেজ। ভোটের আগে ব্যাপক উৎসাহ দেখানোর পরও অনেক ভোটার ভোট দিতে আসেননি।’