ভোটাররা চান টেকনাফ ইয়াবামুক্ত হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে যেসব প্রার্থী ইয়াবা চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কথা বলছেন, সেসব সমাবেশে ভোটারের সমাগম হচ্ছে বেশি। ভোটাররা চান, টেকনাফ ইয়াবামুক্ত হোক, ইয়াবা পাচারের নিরাপদ অঞ্চল থেকে টেকনাফের নাম মুছে যাক। ৩১ মার্চ এই উপজেলার নির্বাচন।
গত রোববার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার অলিয়াবাদের জিরো পয়েন্ট এলাকায় নির্বাচনী পথসভার আয়োজন করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ আলী।
সমাবেশে মোহামঞ্চদ আলী বলেন, ‘আমি যখন এই এলাকার সাংসদ ছিলাম, মিয়ানমার থেকে একটি ইয়াবাও টেকনাফ আসতে পারেনি। কিন্তু গত পাঁচ বছর ধরে টেকনাফে ইয়াবার জোয়ার চলছে। এই ইয়াবার গডফাদার কে, সারা দেশের মানুষ জানে। ওই গডফাদারের ছত্রচ্ছায়ায় টেকনাফ এখন সারা দেশের ইয়াবার ট্রানজিট। মুষ্টিমেয় ইয়াবা ব্যবসায়ীর জন্য টেকনাফের দুই লাখ মানুষকে মাথানিচু করে চলতে হচ্ছে। আমরা আর টেকনাফকে ইয়াবা পাচারের নিরাপদ ঘাঁটি বানাতে দেব না।’
সমাবেশে উপস্থিত স্থানীয় ইসলামাবাদ গ্রামের ভোটার জাকের হোসেন (৪৫) বলেন, ‘ইয়াবা আতঙ্কে আমরা ঘুমাতে পারি না। স্কুলপড়ুয়া ছেলেকে রাত-দিন পাহারা দিতে হয়। ইয়াবা নিয়ে পুলিশ-র‌্যাব-বিজিবির হাতে ছেলে কখন আটক হয়, এই আতঙ্কে থাকি।’
সাবরাং গ্রামের চাষি আমির হামজা (৫৫) বলেন, ‘এখন ইয়াবা পাচারে জড়িত অনেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন। আমরা ভোট দেব তাঁকে, যে প্রার্থী এলাকাকে ইয়াবামুক্ত রাখার অঙ্গীকার করেন।’
নির্বাচনে ছয়জন চেয়ারম্যান, ১২ জন ভাইস চেয়ারম্যান ও চারজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাঠে নেমেছেন। ভোটাররা বলেন, আওয়ামী লীগের প্রার্থী মোহামঞ্চদ আলী, বিএনপির প্রার্থী সরওয়ার কামাল চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহামঞ্চদ আবদুল্লাহ, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারীসহ কয়েকজন প্রার্থী নির্বাচনী প্রচারণায় ইয়াবা ও মাদক চোরাচালান নিয়ে ভোটারদের সচেতন করছেন। অন্যরা এ ব্যাপারে চুপচাপ।
গতকাল সোমবার বিকেলে সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহামঞ্চদ আবদুল্লাহ বলেন, তিনি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন, টেকনাফকে ইয়াবার কবল থেকে রক্ষা করবেন। ইয়াবার কবল থেকে যুবসমাজকে রক্ষা করবেন। ২০০৭ সালের সিডরে বিলীন বেড়িবাঁধ নির্মাণ এবং গৃহহীন মানুষকে পুনর্বাসন করবেন।
বিকেলে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামে গণসংযোগকালে জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী একই কথা বলেন।
গতকাল সকালে হ্নীলা বাসস্টেশনে এক পথসভায় আওয়ামী লীগের প্রার্থী মোহামঞ্চদ আলী ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন, ভোটারদের সহযোগিতা পেলে টেকনাফের দুর্নাম তিনি মুছে ফেলবেন। খেলাধুলার জন্য একাধিক স্টেডিয়াম তৈরি করে দেবেন। শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকা টেকনাফকে মডেল উপজেলায় রূপান্তর করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ বিজিবির এক কর্মকর্তা বলেন, গত সাত দিনে বিজিবির সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা দামের দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেন। কিন্তু তার পরও তাঁরা ইয়াবা চোরাচালান বন্ধ করতে পারছেন না। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা সোচ্চার হলে মুহূর্তে ইয়াবা পাচার বন্ধ করা সম্ভব। যারা ইয়াবা ব্যবসাকে আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বয়কট করা উচিত। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, ‘আমরাও চাই টেকনাফ ইয়াবামুক্ত হোক। টেকনাফের মানুষ শান্তিতে থাকুক।’