ভোটাররা চান নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন হবে কি হবে না—এ নিয়ে নানা বিতর্কের মধ্যে মাঠে নেমেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। বর্তমান সাংসদ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও নানা অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে ভোটারদের কাছাকাছি যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগে এবার মনোনয়ন পেতে আগ্রহী চারজন নেতা মাঠে নেমেছেন। এঁরা হচ্ছেন সাবেক ছাত্রনেতা আশেকুল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, ফরিদুল ইসলাম চৌধুরী এবং জেলা কমিটির সদস্য, পরিবেশবিজ্ঞানী আনছারুল করিম।

এঁদের মধ্যে ৭ অক্টোবর গণভবনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় কুতুবদিয়া ও মহেশখালী উপজেলা এবং মহেশখালী পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথম তিনজনের নাম জমা দেওয়া হয়। আনছারুল করিমের নাম এতে নেই। ২০০৮ সালের নির্বাচনে আনছারুল করিম জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আজাদের কাছে হেরে যান।

জানতে চাইলে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ কুতুবী বলেন, ‘গণভবনে তৃণমূল প্রতিনিধি সভায় আমরা এ আসনের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে যে তিনজনের নাম জমা দিয়েছি, তাতে আনছারুল করিমের নাম নেই। কারণ, তিনি গণবিচ্ছিন্ন। গণভবনেও তাঁকে ডাকা হয়নি। নানা কারণে ভোটারেরা এখানে নতুন মুখ দেখতে চান।’

জানা গেছে, সর্বশেষ গত বৃহস্পতিবার আনছারুল করিম নিজ গ্রাম মহেশখালী উপজেলার গোরকঘাটা সফর করেন। দুপুরে মহেশখালী পৌর আওয়ামী লীগের (একাংশ) কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক থেকে শুরু করে সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন না।

মহেশখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মকসুদ মিয়া জানান, আনসারুল করিম সম্পর্কে তাঁর চাচা। কিন্তু তিনি দলের কোনো কাজে লাগেন না। তাই তাঁর সঙ্গে দলের কেউ নেই। মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, বিএনপি অথবা জামায়াতের সম্ভাব্য প্রার্থীকে মোকাবিলা করার জন্য এই আসনে আওয়ামী লীগের গ্রহণযোগ্য নতুন মুখ দরকার।

জানা যায়, বর্তমানে আশেকুল্লাহ রফিক, সিরাজুল মোস্তফা ও ফরিদুল ইসলাম চৌধুরী নির্বাচন করার লক্ষ্যে গণসংযোগ করে যাচ্ছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি তৎপর আশেকুল্লাহ রফিক।

জানতে চাইলে আশেকুল্লাহ বলেন, ‘ওপরের নির্দেশে আমি কাজ করছি। জনগণের সাড়াও পাচ্ছি বেশ।’ সিরাজুল মোস্তফা ও ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচন করার ব্যাপারে আশাবাদী। তবে দলের পক্ষ থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হবে তাঁর পক্ষেই আমরা কাজ করব।’

জানতে চাইলে আনসারুল করিম বলেন, ‘দলে আমার চাহিদা বা প্রয়োজন শেষ হয়ে যায়নি। ভোটারদের কাছে আমার গ্রহণযোগ্যতা আগের মতোই আছে। সময় হলে তার প্রমাণ মিলবে।’ এদিকে আগামী নির্বাচনে জামায়াতের হামিদুর রহমান আজাদের বিপরীতে ১৮ দলের পক্ষ থেকে নির্বাচন করার লক্ষ্যে মাঠে নেমেছেন বিএনপির সাবেক সাংসদ আলমগীর ফরিদ, কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী ও মহেশখালী উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জোটগতভাবে নির্বাচন হলে এই আসনটি আবার জামায়াত পেতে পারে। তা হলে ১৮ দলের প্রার্থী হবেন বর্তমান সাংসদ হামিদুর রহমান। আর জোটগতভাবে নির্বাচন না হলে আলমগীর ফরিদ হবেন বিএনপি প্রার্থী। এর আগে তিনি এই আসন থেকে দুবার সাংসদ নির্বাচিত হন।