ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করে বলেছেন, বিএনপি-সমর্থিত প্রার্থীরা মামলা ও পুলিশি হয়রানির ভয়ে প্রচার-প্রচারণা চালাতে পারছেন না। তিনি অবিলম্বে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
মেয়র পদপ্রার্থী ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরান ঢাকার আজিমপুর ও লালবাগ এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস প্রচারে নামতে না পারায় সমস্যা হচ্ছে কি না, জানতে চাইলে আফরোজা আব্বাস বলেন, ‘সব ভোটারই প্রার্থীদের সামনে থেকে দেখতে চায়।’ তার পরও মির্জা আব্বাসের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ভোটারদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। ভোটাররা নীরব বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত হয়ে আছে।’
সকাল ১০টার পর পলাশী এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আফরোজা আব্বাস। এরপর স্থানীয় শতাধিক নেতা-কর্মী নিয়ে তিনি আজিমপুর, শহীদনগর, শেখ সাহেব বাজার, কেল্লার মোড়, লালবাগ রোড, নবাবগঞ্জ, চৌধুরী বাজার এলাকার ভোটারদের কাছে মগ মার্কায় ভোট চান। এ সময় ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যথাক্রমে সফিউদ্দিন আহম্মেদ, আলতাফ হোসেন ও বদিউল আলমের পক্ষে প্রচারণা চালান তাঁদের সমর্থকেরা।
দুপুর ১২টার দিকে লালবাগের আমলিগোলা এলাকায় আলতাফ হোসেনের বাড়িতে ১৫ মিনিট বিশ্রাম নেন আফরোজা আব্বাস। তারপর বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আলতাফকে সঙ্গে নিয়ে আবার গণসংযোগে বের হন তিনি। এ সময় জে শাহ রোড ধরে কিছু দূর এগোতেই দেখা যায়, স্যুয়ারেজের ময়লার পানিতে সড়কের কিছু অংশ সয়লাব হয়ে গেছে। প্রচারণায় থাকা অনেকেই তখন নাক চেপে ওই অংশটুকু পার হন। তখন এক বৃদ্ধ নিজ থেকেই বললেন, ‘দিনের পর দিন এভাবেই চলছে। ভালো হইছে, প্রার্থীরা সচ্চক্ষে দেখে গেলেন।’